রাউজান পাহাড়তলী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, মো. দিদার আলম (৩০) এবং মো. আফসার মিয়া (৩০)। তারা দুজনেই এলাকার শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে গত ২ আগস্ট সন্ধ্যায় সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে এই দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বসতঘরের সেফটি ট্যাংকের পাশ থেকে মাটি খুঁড়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার দিদার আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১০টি এবং আফসার মিয়ার বিরুদ্ধে ৬টি মামলা বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাউজান ও রাঙ্গুনিয়াসহ আশপাশের এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজিতে লিপ্ত ছিল।
উল্লেখ্য, গত ১৩ জুন পাহাড়তলী চৌমুহনী বাজারে এই চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই পেয়ারুল হক চৌধুরী ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব এবং শুটার মোহাম্মদ ইলিয়াসসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই