আতঙ্কের সাগর পেরিয়ে উল্লাসের উত্তাল ঢেউ

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়

২০২৪ সালের ৫ আগস্ট বিকালে শেখ হাসিনার পদত্যাগের খবর পৌঁছে চট্টগ্রামে। মুহূর্তে পাল্টে যায় চট্টগ্রাম নগরীর চিত্র। সর্বস্তরের জনতার মধ্যে

2026-08-05T01:58:11+00:00
2026-08-05T01:58:11+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
ফিরে দেখা চট্টগ্রামের ৫ আগস্ট
আতঙ্কের সাগর পেরিয়ে উল্লাসের উত্তাল ঢেউ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৫৮ এএম 
গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম। সংগৃহীত ছবি
২০২৪ সালের ৫ আগস্ট বিকালে শেখ হাসিনার পদত্যাগের খবর পৌঁছে চট্টগ্রামে। মুহূর্তে পাল্টে যায় চট্টগ্রাম নগরীর চিত্র। সর্বস্তরের জনতার মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চাপা উত্তেজনা মিলিয়ে যায় জনতার বাঁধভাঙা স্রোতে।

ঢাকায় হাসিনার পদত্যাগের খবর আগেই জানাজানি হয়। কিন্তু জেলা পর্যায়ে কিছুটা দেরিতে পৌঁছে। ৫ আগস্ট বেলা ৩টার পর চট্টগ্রামে পৌঁছে পদত্যাগের খবর। এরপর রাস্তায় নেমে আসেন জনতা। স্রোতের মতো মানুষকে ছুটতে দেখা যায় নগরীর কেন্দ্রস্থলে। বিজয় উদযাপন করেন লাখো নগরবাসী। তরুণদের সঙ্গে রাস্তায় নেমে আসে নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ। এ সময় উল্লসিত জনতার অনেককে স্লোগান দিতেও দেখা যায়।

নগরীর নিউমার্কেট মোড়, কাজির দেউড়ি মোড়, জিইসি মোড়, ২ নম্বর গেট, আগ্রাবাদ, দেওয়ানহাট, মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট মোড়সহ সব জায়গায় ছিল লোকে লোকারণ্য। নগরের চান্দগাঁও আবাসিক এলাকা ছিল অন্যরকম উল্লাস। চান্দগাঁও আবাসিক এলাকা থেকে শুরু হয় বিজয় মিছিল। অংশ নেন নারী-শিশুসহ হাজার হাজার মানুষ। আধ ঘণ্টার মধ্যে বহদ্দারহাট মোড়ে সমবেত হন অন্তত ১০ হাজার মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিছিলেও লোকজন বাড়তে থাকে। বহদ্দারহাট মোড়ে লোকজন কিছু সময়ের জন্য থমকে যায়। বিক্ষোভের সময় নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন। পরে বহদ্দারহাট ও মুরাদপুর হয়ে বিজয় মিছিল যায় লালদীঘির পথে। নগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড বিজয় মিছিল আসতে থাকে লালদীঘির দিকে। নগরের সব পথ মিশে গেছে ওই ঐতিহাসিক ময়দানে। এ সময় শিক্ষার্থীদের হাতে ও মাথায় পতাকা স্লোগান দিতে দেখা গেছে।

খণ্ড মিছিলে স্লোগান দেওয়া হয় ‘জিতেছেরে জিতেছে, ছাত্র সমাজ জিতেছে’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘ভুয়া ভুয়া’, ‘হাসিনা পালাইছে’সহ বিভিন্ন স্লোগান দেন। নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার কয়েকটি পয়েন্টে ছিল সেনাবাহিনীর একাধিক চেকপোস্ট। কালুরঘাট বেতার কেন্দ্রের চারপাশে সেনা সদস্য ছিল তুলনামূলকভাবে বেশি। ৫ আগস্ট বিকালে স্রোতের মতো এগোতে থাকা লোকজন বেতার কেন্দ্রের সেনা সদস্যদের হাত নেড়ে অভিনন্দন জানাতে দেখা যায়। সেনা সদস্যরা হাসিমুখে জনতার জবাব দেন। এই দৃশ্য এক দিন আগে ৪ আগস্ট কেউই কল্পনা করেনি।

চবির গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ৫ আগস্ট আমরা চট্টগ্রামে কোনো কর্মসূচি রাখিনি। দৃষ্টি ছিল ঢাকার দিকে। চট্টগ্রাম থেকে অনেকে ঢাকায় রওনা হয়েছিল। ওই দিন বিকালে শেখ হাসিনার পদত্যাগের সংবাদ পাই। আমি লালদীঘির দিকে যাত্রা করি। দেখি লাখো জনতা সড়কজুড়ে। এই দৃশ্য কখনো দেখিনি। কখনো ভোলার মতো নয়। যেন জনতা মহামুক্তি পেয়েছে।

নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা সংবাদকর্মী নূর উর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ভোর শুরু হয়েছিল ভীতিকর পরিস্থিতির মধ্যে। আগের দিন ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা আন্দোলনকারীদের ওপর ব্যাপক গুলি চালায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) শত শত গুলিবিদ্ধ ছাত্র-জনতা ভর্তি হয়। সন্ধ্যায় আহত স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আহতদের নিয়ে চমেকে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। 


বেসরকারি ক্লিনিক হাসপাতালেও ছিল আহতদের উপচে পড়া ভিড়। ৪ আগস্ট রাতটি ছিল অন্যরকম। চট্টগ্রাম নগরী ভূতুরে নগরীতে পরিণত হয়। আর ৫ আগস্ট ভোর শুরু হয় আতঙ্ক আর শঙ্কার মধ্যে। ৫ আগস্ট বিকালে শেখ হাসিনার পদত্যাগের সংবাদ আসার পর স্বস্তি মেলে। হাসিনার পতনে উৎসবের নগরীতে পরিণত হয়েছিল চট্টগ্রাম নগরী।

নগরীর ষোলশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদ বলেন, হাসিনার পদত্যাগের পর ৫ আগস্ট বিকালে পরিস্থিতি দেখতে বের হয়েছিলাম। দেখি নগরীর গুরুত্বপূর্ণ সড়কে জনতার তীব্র স্রোত। কানায় কানায় পূর্ণ সড়কে যানবাহন নেই। শুধু মানুষ আর মানুষ। মুরাদপুর বহদ্দারহাট হাট থেকে জিইসি মোড় কোথাও যেন দাঁড়ানোর জায়গা নেই। এক পর্যায়ে আমি নিজেও জনতার স্রোতে মিশে যাই।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   আতঙ্ক  উল্লাস  উত্তাল ঢেউ  ৫ আগস্ট  চট্টগ্রাম  গণ-অভ্যুত্থান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: