পারস্য উপসাগরের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত আন্তর্জাতিক নৌ মিশন গঠনের উদ্যোগ কার্যত স্থবির হয়ে পড়েছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে এ বিষয়ে ঐকমত্যের অভাবে পরিকল্পনাটি আর এগোচ্ছে না বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর পাশাপাশি চীনকেও এ উদ্যোগে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান।
তবে প্রস্তাবটি সামনে আসার পর অধিকাংশ দেশ এতে অংশ নেওয়ার বিষয়ে অনাগ্রহ দেখায় কিংবা নিজেদের অবস্থান স্পষ্ট করে না। যদিও যুক্তরাজ্য ও ফ্রান্স শুরু থেকেই উদ্যোগটিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি।
এরই মধ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক নৌ জোট গঠনের প্রচেষ্টা আরও জোরদার করে ওয়াশিংটন। একই সঙ্গে পর্যাপ্ত সমর্থন না পাওয়ার অভিযোগ তুলে ইউরোপীয় মিত্রদের প্রকাশ্যে সমালোচনাও করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এপ্রিলের মাঝামাঝি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নৌ মিশন গঠনের পরিকল্পনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এ মিশনের উদ্দেশ্য হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক।
তবে শেষ পর্যন্ত ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় ঐকমত্য গড়ে না ওঠায় আন্তর্জাতিক নৌ মিশন গঠনের উদ্যোগ কার্যত থমকে গেছে। ফলে হরমুজ প্রণালিতে যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে।
সময়ের আলো/এসএকে