ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের মূল দলে অভিষেকের সম্ভাবনার গুঞ্জনের মধ্যেই ভিন্ন এক খবর এলো বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলি ওয়াহিদকে নিয়ে। অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এক বছরের ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের (ন্যাশনাল লিগ) ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সি এই সম্ভাবনাময় ফুটবলার।
শুক্রবার (৭ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফারহানের ধারে দলবদলের তথ্যটি নিশ্চিত করেছে ফুলহ্যাম। একই সঙ্গে তরুণ এই প্র উদীয়মান তারকার নতুন সফরের জন্য শুভকামনা জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে ওঠা বোরহ্যাম উড শনিবার ট্যামওয়ার্থের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের নতুন মৌসুমের অভিযান শুরু করবে।
গত মৌসুমে ফুলহ্যামের যুব দলের হয়ে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন ফারহান। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭টি গোল করার পর অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোলের দেখা পান তিনি। যুব ফুটবলে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে গত বছরের নভেম্বরে পিএলটু-এর (PL2) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন এই তরুণ।
যুব দলের এমন পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফুলহ্যামের মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতি স্কোয়াডে ডাক পান ফারহান। ক্লাবের হয়ে নরিচ সিটির বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে প্রথমবার সিনিয়র জার্সিতে মাঠে নামেন তিনি। পরবর্তীতে আল-আহলি ও ফারেসির বিপক্ষে প্রীতি ম্যাচেও তার উপস্থিতি নজর কাড়ে ফুটবলপ্রেমীদের।
সিনিয়র দলের সঙ্গে প্রস্তুতি সারায় প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মূল স্কোয়াডে তার নিয়মিত সুযোগ পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে তাকে নিয়মিত খেলার সুযোগ করে দিতেই আপাতত ধারে অন্য ক্লাবে পাঠাল ইংলিশ ক্লাবটি।
এদিকে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে আলো ছড়ানো এই উদীয়মান উইঙ্গারকে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় দলের জার্সিতে খেলাতে বাফুফের পক্ষ থেকেও জোর চেষ্টা চালানো হচ্ছে বলে সূত্রে জানা গেছে।
সময়ের আলো/টিকে