গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৮ আগস্ট) সকালে নিজ গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ‘ডা. শফিকুর রহমানকে মজলুম নেতা হিসেবে জানতাম, তবে সে যে মুখোশধারী ছিল সেটা গণঅভ্যুত্থানের পরে বুঝলাম। তিনি সর্বপ্রথম আওয়ামীলীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। অর্থাৎ, গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন শফিকুর রহমান। নির্বাচনের আগে দেখেছি জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে। ক্ষমতায় আসার জন্য জামাত ইসলাম এমন কোনো অন্যায়, অপরাধ, মিথ্যাচার, ভণ্ডামি, মোনাফেকী নেই যা করেনি। জনগণ বুঝেছে যে, এদেশের যত পরিবর্তন তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে। বর্তমান বাংলাদেশের পরিবর্তন হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে।’
নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন।’
স্থানটি পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সময়ের আলো/মহু