ফিফার নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে পড়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের শীর্ষস্তরের তিন ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড এবং ফকিরেরপুল ইয়াজমেন্স ক্লাব। দ্রুত সময়ের মধ্যে এই আইনি জটিলতা ও বকেয়া পরিশোধের সমাধান না হলে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে দলগুলোর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বেঁধে দেওয়া খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা শেষ হতে আর মাত্র চার দিন বাকি। অথচ ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এখনও টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের নামের পাশে ঝুলছে ১২টি দলবদল নিষেধাজ্ঞা (ট্রান্সফার ব্যান)। ফিফার চূড়ান্ত সবুজ সংকেত ছাড়া নতুন খেলোয়াড় নিবন্ধনের কোনো সুযোগ নেই ক্লাবগুলোর।
দল গঠনে তৈরি হওয়া এমন হতাশাজনক পরিস্থিতিতে বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়েদ আলম নিপু গণমাধ্যমকে বলেন, বকেয়া অর্থ পরিশোধ করে আগামী দুই-তিন দিনের মধ্যে ফিফার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছেন তারা। বাফুফে তাদের সুবিধার্থে নিবন্ধনের সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বলেও জানান তিনি।
বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর গণমাধ্যমকে বলেন, "আমাদের ফেডারেশন নিবন্ধনের সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। ফিফার ব্যান প্রত্যাহার ছাড়া টিম গঠন করা যাবে না - এটা স্পষ্ট নির্দেশনা। ব্যান তুলতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। রবি বা সোমবারের মধ্যে প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে আশা করি জটিলতা কেটে যাবে।"
দেশের পেশাদার ক্লাবগুলোর এমন অনাকাঙ্ক্ষিত পরিণতিকে দেশের ফুটবলের জন্য অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি জানান, লিগ শুরুর নির্ধারিত তারিখ অপরিবর্তিত রেখেই ক্লাবগুলোকে দল গুছিয়ে নেওয়ার সর্বোচ্চ সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম মাঠে গড়ানোর কথা রয়েছে। শীর্ষ ক্লাবগুলোর বকেয়া সংক্রান্ত আইনি সমস্যার সমাধান না হলে বিকল্প তিন দলকে নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনাও রাখা হয়েছে, যা ঘরোয়া ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/টিকে