স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহের অবসান ঘটাতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি। স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। শুধু তাই নয়, সেই বিয়েতে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা ও বিদায় পর্বেও অংশ নেন স্বামী।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলায়। মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে স্থানীয়দের উপস্থিতিতে ফুলমতি (৩৭) ও তার প্রেমিক অবধেশের (২৬) বিয়ে সম্পন্ন হয়।
পরিবারের সদস্য ও গ্রামপ্রধানের বরাতে জানা যায়, দেবরি গ্রামের বাসিন্দা বুদ্ধিরাম নিশাদ (৪৫) ও ফুলমতি প্রায় ২১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে ১৮ বছর বয়সী এক ছেলেসহ পাঁচ সন্তান রয়েছে।
তবে কয়েক মাস আগে ফুলমতির সঙ্গে অবধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। একপর্যায়ে প্রায় দুই মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।
পরে পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু এরপরও তাদের সংসারে অশান্তি কমেনি। একপর্যায়ে বুদ্ধিরাম সিদ্ধান্ত নেন, স্ত্রী যেহেতু অন্য একজনের সঙ্গে থাকতে চান, তাই তাকে ওই ব্যক্তির সঙ্গেই বিয়ে দেবেন।
সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতে ফুলমতি ও অবধেশের বিয়ে দেওয়া হয়। বিয়ের পুরো আয়োজনেই উপস্থিত ছিলেন বুদ্ধিরাম। এমনকি প্রচলিত বিদায় অনুষ্ঠানেও অংশ নেন তিনি।
সাংবাদিকদের বুদ্ধিরাম বলেন, ‘২১ বছর আগে আমি ফুলমতিকে বিয়ে করেছিলাম। কিন্তু এখন সে আর আমার সঙ্গে থাকতে চায় না। আমি প্রতিদিনের অশান্তির মধ্যে সংসার করতে চাই না। তাই, যে ব্যক্তির সঙ্গে সে থাকতে চায়, তার সঙ্গেই তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
সময়ের আলো/এসএকে