আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে রাত ১১টায় কোটালীপাড়া পৌর ভবনের মাঠে অনুষ্ঠিত বাবার জানাজায় অংশগ্রহণ শেষে কামাল হোসেন শেখকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে পৌরসভার নিজ বাসায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
শেখ লুৎফর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন। এছাড়াও লুৎফর রহমান কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।
বাবার মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে তাকে কারা কর্তৃপক্ষ ৮ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যানে কামাল হোসেন শেখকে কোটালীপাড়ায় নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে নেমে বাবার মরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার কান্না দেখে উপস্থিত আত্মীয় স্বজনও কান্না শুরু করলে একটি শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। এই মামলায় তিনি বর্তমানে তাকে কাশিমপুর কারাগারে রাখা হয়।
এদিকে শনিবার বাদ আসর পৌর ঈদগাহ মাঠে বীরমুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবনের মাঠে দ্বিতীয় জানাজা শেষ রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লি কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের দুটি জানাজায় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের কফিনে ফুল দিয়ে শেষ বিদায় জানানো হয়।
সময়ের আলো/জোই