ফেনী শহরে ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশ থেকে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ আগস্ট) ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রী ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করতে অনীহা প্রকাশ করে আসছিল। এর আগেও সে মাদরাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে গিয়েছিল। শনিবার (৮ আগস্ট) সকালে তার বড় ভাই তাকে পুনরায় মাদরাসায় রেখে আসেন। কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে মাদরাসার ভবনটির পাঁচতলার একটি জানালার বাইরে অত্যন্ত সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মাদরাসা কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফেনীর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. মামুন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির ছাদ থেকে নিচে নেমে পালানোর চেষ্টা করার সময় ওই ছাত্রী পাঁচতলার কার্নিশে আটকা পড়েছিল। যেকোনো মুহূর্তে বড় ধরনের বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে বেলা দুইটার দিকে তাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) জানান, মাত্র ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদরাসায় ভর্তি করা হয়েছিল। পড়াশোনায় মন না থাকায় এর আগেও সে একাধিকবার পালিয়ে বাড়ি চলে গিয়েছিল। শনিবার তাকে রেখে যাওয়ার পর ফের পালানোর চেষ্টা করতে গিয়ে সে পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে তার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়।
এ বিষয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন জানান, পুলিশের উপস্থিতিতে সুস্থ অবস্থায় ওই ছাত্রীকে তার স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে ভবিষ্যতে আরও বেশি যত্নশীল ও সতর্ক থাকার জন্য মাদরাসা কর্তৃপক্ষকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই