এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যাওয়ার চিরচেনা ভোগান্তির দিন বুঝি এবার ফুরালো। গ্রাহকদের স্বস্তি দিতে দেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো চালু হয়েছে স্পর্শহীন বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির সর্বাধুনিক এটিএম সেবা। বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড দেশে প্রথমবারের মতো এই প্রযুক্তিভিত্তিক এটিএম সেবা নিয়ে এসেছে। বিশেষ এই সুবিধার সুফল কেবল সিটি ব্যাংকের গ্রাহকরাই নন, বরং দেশের যেকোনো ব্যাংকের গ্রাহকরাও ভোগ করতে পারবেন।
নতুন এই সেবার বিশেষত্ব ও কার্যপদ্ধতি
প্রচলিত এটিএম বুথগুলোতে প্লাস্টিক কার্ডটি মেশিনের নির্দিষ্ট স্লটে প্রবেশ করিয়ে পিন নম্বর দিয়ে লেনদেন করতে হয়। অনেক সময় মেশিনের যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট কিংবা অন্য ব্যাংকের কার্ড ব্যবহারের ক্ষেত্রে কার্ড ভেতরে আটকে যাওয়ার ঝুঁকি থাকে।
এনএফসি প্রযুক্তির এই এটিএম বুথে কার্ড মেশিনের ভেতরে প্রবেশ করানোর কোনো প্রয়োজন নেই। বুথের নির্ধারিত রিডার পেমেন্ট প্যাডে কার্ডটি শুধু হালকা স্পর্শ (ট্যাপ) করালেই মেশিন মুহূর্তের মধ্যে গ্রাহককে শনাক্ত করে নেবে। এরপর চিরাচরিত নিয়মে পিন নম্বর টাইপ করেই অত্যন্ত দ্রুত ও নিরাপদে টাকা উত্তোলন, জমাসহ যাবতীয় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে।
সিটি ব্যাংক জানিয়েছে, তারা ইতোমধ্যে নিজেদের নেটওয়ার্কে নতুন এই প্রযুক্তির প্রায় ৭০ থেকে ৮০টি এটিএম বুথ স্থাপন করেছে। ভবিষ্যতে ব্যাংকটির নতুন যত এটিএম স্থাপন বা পুরোনো মেশিন পরিবর্তন করা হবে, সেগুলোতে বাধ্যতামূলকভাবে এই এনএফসি প্রযুক্তির বুথ বসানো হবে।
অন্য ব্যাংকের গ্রাহকদের জন্যও উন্মুক্ত সেবা
সিটি ব্যাংক নিজস্ব এটিএম নেটওয়ার্কে এই আধুনিক সেবা চালু করলেও এর সুবিধা পাবে দেশের যেকোনো ব্যাংকের কার্ডধারী গ্রাহক। কারণ, বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) কাঠামোর মাধ্যমে বর্তমানে এক ব্যাংকের গ্রাহক অন্য যেকোনো ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে নিয়মানুযায়ী প্রতি লেনদেনের জন্য অতিরিক্ত ১৫ টাকা ফি প্রযোজ্য হবে।
এনএফসি প্রযুক্তির এটিএম ব্যবহারের প্রধান সুবিধাগুলো
কার্ড আটকে যাওয়ার ভয় নেই : মেশিনের ভেতরে কার্ড প্রবেশ করাতে হয় না বলে লোডশেডিং বা যান্ত্রিক ত্রুটিতে কার্ড আটকে যাওয়া কিংবা বুথ বন্ধ থাকায় কার্ড হারিয়ে যাওয়ার কোনো ঝুঁকি থাকে না।
নিরাপত্তা ও তথ্য চুরির রোধ : অতীতে পুরোনো এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরির আশঙ্কা থাকত। এনএফসি প্রযুক্তিতে কার্ড সরাসরি এনক্রিপ্টেড সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান করায় কার্ড ক্লোনিং বা তথ্য চুরির সুযোগ নেই বললেই চলে।
সময় সাশ্রয় : কার্ড মেশিন কর্তৃক রিড হওয়া এবং লেনদেন শেষে কার্ড বের করে নেওয়ার জন্য যে অতিরিক্ত সময় ব্যয় হতো, এই প্রযুক্তিতে তা লাগে না। ফলে খুব কম সময়ে পুরো লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
কার্ডের দীর্ঘস্থায়িত্ব : বারবার মেশিনে কার্ড প্রবেশ করানোর ফলে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ ও ইএমভি চিপ নষ্ট বা খয়ের হয়ে যায়। স্পর্শহীন প্রযুক্তির কারণে কার্ড সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত থাকে।
এই বিষয়ে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার সংবাদমাধ্যমকে জানান, গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন এই প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছন্দে ও দ্রুততম সময়ে এটিএম সেবা উপভোগ করতে পারবেন।
সময়ের আলো/জেডি