নওগাঁর মান্দায় বসতভিটা থেকে রোকসানা বেগম (৪০) নামে বিধবাকে উচ্ছেদ করতে মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (৯ আগস্ট) উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত রোকসানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মোতাহার হোসেনের স্ত্রী। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি হলেন একই গ্রামের সবুজ হোসেন (৩৫)।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে ২ সন্তানকে নিয়ে স্বামীর পৈতৃক বসতভিটাতে বসবাস করে আসছেন রোকসানা বেগম। তবে, ওই জায়গা থেকে তাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে তার স্বামীর ভাই ও ভাতিজারা বিভিন্নভাবে অত্যাচার, মারধর এবং জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। ইতোমধ্যে তারা স্বামীর রেখে যাওয়া সম্পত্তির একটি অংশ দখলও করে নিয়েছেন। প্রতিকার চেয়ে ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি। প্রতিনিয়ত তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে ভুক্তভোগী রোকসানা বেগমের সঙ্গে কথা বলার একপর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন ভাতিজা সবুজ হোসেন। এরপর অকথ্য ভাষায় তার চাচিকে গালিগালাজ এবং মারধর করেন। এসময় ভুক্তভোগীর বাড়ির কলাগাছও কেটে ফেলেন তিনি।
তবে, এ বিষয়ে অভিযুক্ত সবুজ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/মহু