কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা ৩৪ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে রাজধানী বোগোতাসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। বোগোতা থেকে স্থানটি প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।
চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা কুরি জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী কুইবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য পরাঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
রাজধানী বোগোতায় ভূমিকম্পের সময় ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়। বিভিন্ন ভবনে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
তবে বোগোতার মেয়র কার্লোস গালান জানিয়েছেন, এখন পর্যন্ত রাজধানীতে কোনো হতাহত বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিছু ভবনে ফাটল দেখা গেছে বলে জানান তিনি।
এদিকে, কলম্বিয়ার বিভিন্ন এলাকা থেকে পাওয়া ভিডিওতে রাস্তাজুড়ে ধুলার কুণ্ডলী এবং ভবনের ভেঙে পড়া অংশ দেখা গেছে। কিছু এলাকায় ভবনের সম্মুখভাগের ধ্বংসাবশেষ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। সম্ভাব্য পরাঘাতের আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ