মুরগির খামার থেকে নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি রাজাবুলের

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি

সারাদেশ

বাড়ির পাশে করা নিজের মুরগির খামার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার

2026-08-11T10:15:48+00:00
2026-08-11T10:15:48+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
মুরগির খামার থেকে নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি রাজাবুলের
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:১৫ এএম 
নিখোঁজ রাজাবুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাড়ির পাশে করা নিজের মুরগির খামার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাজাবুল ইসলামের (৩৯)। রোববার (৯ আগস্ট) দিবাগত রা‌তে নিখোঁজ হন তিনি। 

নিখোঁজ রাজাবুল ইসলাম উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের আইনাল হকের ছেলে। রহস্যজনকভাবে নিখোঁজ এবং সন্ধান না মেলার ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে রাজাবুল ইসলাম বাড়ির পাশেই নিজের ব্রয়লার মুরগির ফার্মে পাহারা দেওয়ার জন্য অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টা ৩৩ মিনিটের দিকে তিনি স্ত্রীকে মেসেঞ্জারে একটি বার্তা পাঠান। সেখানে দ্রুত মেজো ভাইকে সঙ্গে নিয়ে ফার্মে আসতে এবং আশপাশে কেউ আছে কি না তা দেখতে বলেন। একই সঙ্গে তিনি লিখেন, তার ভয় করছে এবং চারপাশে লোকজনের ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে।


তবে গভীর রাতে ঘুমিয়ে থাকায় তার স্ত্রী ওই সময় মেসেজটি দেখতে পাননি। ভোরে ঘুম থেকে উঠে মেসেজগুলো দেখতে পান তিনি। পরে পরিবারের সদস্যরা ফার্মে গিয়ে রাজাবুলকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

এ সময় ফার্মের ভেতর থেকে রাজাবুলের মোবাইল ফোন ও পরনের জামাকাপড় পাওয়া গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানসহ সম্ভাব্য এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

এদিকে, রাজাবুলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা প্রথমে ওসমানপুর পুলিশ ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করেন। সেখানে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে পরে আলমডাঙ্গা থানায় গিয়ে বিষয়টি জানান বলে পরিবার সূত্রে জানা গেছে।

রাতের আঁধারে ফার্ম থেকে রাজাবুলের এভাবে নিখোঁজ হওয়া এবং সেখানে তার মোবাইল ও পরনের পোশাক পড়ে থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত রাজাবুলকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাঈল ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রেন জানান, এ বিষ‌য়ে থানা পু‌লিশ‌কে অবহিত করা হয়েছে। তা‌কে উদ্ধ‌ারের জন‌্য পু‌লি‌শের একা‌ধিক টিম কাজ কর‌ছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   মুরগির খামার  নিখোঁজ  সন্ধান মেলেনি রাজাবুলের  আলমডাঙ্গা  চুয়াডাঙ্গা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: