অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালংকারসহ ১৫ লাখের মালামাল লুট

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ

2026-08-11T14:29:31+00:00
2026-08-11T14:29:31+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালংকারসহ ১৫ লাখের মালামাল লুট
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২৯ পিএম 
গজারিয়া থানা। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতিতে বাধা দেওয়ায় বাড়ির মালিককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের উত্তরপাড়ায় মৃত মোহাম্মদ আলীর ছেলে স্বপন শিকদারের বাসায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত নদীপথে ট্রলারযোগে এসে স্বপন শিকদারের ভবনের বারান্দার পকেট গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। বিষয়টি টের পেয়ে ঘরের ভেতরের সদস্যরা নিজ নিজ কক্ষের দরজা লক করে দেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ডাকাত দলটি দরজা ভেঙে রুমে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।

এসময় গৃহকর্তা স্বপন শিকদার বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে ডাকাতরা ঘরে থাকা নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকারসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।


স্থানীয় বাসিন্দা আবু সাঈদ শিকদার বলেন, ডাকাত দল বাসা থেকে বের হওয়ার সময় ভুক্তভোগীদের চিৎকারে আমরা ছুটে আসি। বাসাটি একেবারেই মেঘনা নদীর তীরে হওয়ায় ডাকাতদল নদীপথে এসে আবার ট্রলারে করেই পালিয়ে যায়। আমরা কয়েকজন পিছু ধাওয়া করলে তারা গুলির হুমকি দেয়। ধারণা করছি তাদের কাছে দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তলও ছিল।

এ বিষয়ে গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন,  স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গজারিয়ার নদীর তীরবর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ২২ জুলাই রাতে টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের আবু তালেব খন্দকারের বাড়িতেও একই কায়দায় ডাকাতি হয়। সেখান থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করা হয়েছিল।


এছাড়া সম্প্রতি বালুয়াকান্দি, টেংগারচর ও ভবেরচর ইউনিয়নের কয়েকটি নদীর তীরবর্তী এলাকায় একইভাবে ডাকাতির চেষ্টার খবর পাওয়া গেছে। প্রায় প্রতিটি ঘটনার নেপথ্যেই নদীপথে ট্রলার নিয়ে সশস্ত্র ডাকাত দলের আগমনের তথ্য মিলেছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   অস্ত্রের মুখে ডাকাতি  দুর্ধর্ষ ডাকাতি  স্বর্ণালংকার লুট  স্বর্ণালংকারসহ মালামাল লুট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: