বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে ২০টি ব্রডগেজ রেল কোচ পাঠাতে যাচ্ছে ভারত। দেশটির পাঞ্জাবের কাপুরথালাস্থিত 'রেল কোচ ফ্যাক্টরিতে' (আরসিএফ) প্রস্তুতকৃত এই কোচগুলো অতি শীঘ্রই রপ্তানির জন্য বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া মোট ২০০টি রেল কোচের অর্ডারের অংশ হিসেবে প্রথম চালানের এই ২০টি কোচ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। স্টেইনলেস স্টিলে তৈরি বিশ্বমানের 'এলএইচবি' (লিঙ্ক হফম্যান বুশ) প্রযুক্তির এই কোচগুলো উচ্চতর নিরাপত্তা, সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং উন্নত গতিসম্পন্ন হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
নতুন ২০টি কোচের এই রেটে (ট্রেন সেটে) থাকছে - ৩টি এসি স্লিপার কোচ, ৩টি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার, ২টি পাওয়ার কার।
ভারতীয় রেলওয়ে জানায়, বাংলাদেশের আবহাওয়া ও চাহিদার কথা মাথায় রেখে এই কোচগুলোর নকশায় বিশেষ কিছু আধুনিক পরিবর্তন আনা হয়েছে, যা আগের এলএইচবি কোচগুলোতে ছিল না।
এর আগে গত এপ্রিলে জাতীয় সংসদে রেলমন্ত্রী শেখ রবিউল আলম ভারত থেকে ২০০টি যাত্রীবাহী কোচ আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কয়েক ধাপে এই কোচগুলো দেশে এসে পৌঁছাবে।
উল্লেখ্য, এর আগেও ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 'রাইটস' (RITES) বাংলাদেশকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবং ৪৬টি লোকোমোটিভ (ইঞ্জিন) সরবরাহ করেছিল। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ব্রডগেজ কোচ ও ইঞ্জিনের যেই তীব্র সংকট চলছে, নতুন ২০টি কোচ যুক্ত হলে যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/টিকে