ভারত-আফগানিস্তান সিরিজের সূচি মঙ্গলবার চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ফলে একই সময়ে বাংলাদেশ সফরের জন্য নির্ধারিত সূচির সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হয়েছে। ভারতের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছে বেশ লম্বা সময় ধরে।
সেপ্টেম্বরের প্রথমার্ধে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ায় এখন সেই সফরের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান জানান, ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এসিবি জানিয়েছে, সিরিজের তারিখ ও ভেন্যু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ভারতের বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ভারতের আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচ এবং বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য শেষ টি-টোয়েন্টি একই দিনে, ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা। এই পরিস্থিতিতে ভারতের বাংলাদেশ সফর বাস্তবায়ন করা কীভাবে সম্ভব হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও আশা ছাড়েনি। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের সরকারের কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত জটিলতার সমাধান হতে পারে।
বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও জানিয়েছেন, দুই দেশের সরকারের উদ্যোগে সিরিজটি নির্ধারিত সময়েই আয়োজন করা সম্ভব হবে বলে আশাবাদী। তবে বাস্তবতা হলো, সময় যত এগোচ্ছে, পরিস্থিতি তত জটিল হচ্ছে। ভারতের বাংলাদেশ সফর আগে থেকেই একবার পিছিয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা থাকা সিরিজটি পরে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের শুরুতে বিসিবি নতুন সূচি প্রকাশ করে সফরটি আয়োজনের প্রস্তুতি শুরু করেছিল।
এখন নতুন করে তৈরি হওয়া সূচি-সংঘাত সেই পরিকল্পনাকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে। তবে এটিও মনে রাখতে হবে, আফগানিস্তান সিরিজের সূচি নিশ্চিত হওয়া মানেই বাংলাদেশের সফর আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেছে, এমন ঘোষণা এখনও আসেনি। বাংলাদেশের পক্ষ থেকেও সফর বাতিলের কথা বলা হয়নি।
ফলে আপাতত ভারত-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত, আর বাংলাদেশ-ভারত সিরিজের ভাগ্য ঝুলে আছে কূটনৈতিক ও ক্রিকেটীয় সমঝোতার ওপর। সেপ্টেম্বর যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অপেক্ষা, এই সিরিজ হবে কি না, সেটির উত্তরও মিলতে পারে শিগগিরই।
সময়ের আলো/প্রিন্ট/জেডি