ঝুঁকি কমাতে দরকার সচেতনতা ও কার্যকর পদক্ষেপ

সম্পাদকীয়

মতামত

উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। অনেকের ক্ষেত্রে এই রোগ খুব সহজে ধরা পড়ে না, আবার ধরা পড়ার পর এর সঠিক

2026-08-13T05:56:00+00:00
2026-08-13T05:56:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
মতামত
উচ্চ রক্তচাপে ১২ শতাংশ যুবক
ঝুঁকি কমাতে দরকার সচেতনতা ও কার্যকর পদক্ষেপ
সম্পাদকীয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫৬ এএম 
গ্রাফিক : সময়ের আলো
উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। অনেকের ক্ষেত্রে এই রোগ খুব সহজে ধরা পড়ে না, আবার ধরা পড়ার পর এর সঠিক চিকিৎসা গ্রহণ না করলে, রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে তা অনেক রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যুবকদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশেও প্রায় ১২ শতাংশ যুবক এই সমস্যার ঝুঁকিতে রয়েছে। অস্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপ ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে এখন কম বয়সেই যুবকরা উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে বেশি।

বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে দেখছেন- অনিয়মিত জীবনযাপন, রাত জাগা, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং দীর্ঘ সময় ধরে কাজ করা এবং খারাপ খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে অতিরিক্ত লবণ, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার ও কোমলপানীয় গ্রহণ। এ ছাড়া রয়েছে পড়াশোনা, চাকরি ও ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ও উদ্বেগ। নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা এবং মুটিয়ে যাওয়া এর অন্যতম কারণ। অতিরিক্ত ধূমপান ও মাদক ব্যবহারের কারণে উচ্চ রক্তচাপের বর্তমান উপসর্গগুলো লক্ষ করা যায়। তাই চিকিৎসকরা মনে করেন এ ক্ষেত্রে খাবারে লবণের পরিমাণ কমানো এবং তাজা শাকসবজি ও ফলমূল খাওয়া, প্রতিদিন শরীরচর্চা করা, রাতে ঠিকমতো ঘুমানো এবং মানসিক চাপ কমাতে মেডিটেশন করা। শরীরের ওজন নিয়ন্ত্রণে নিয়মিত বিষয়গুলো অপরিহার্য। নইলে ১২ শতাংশ শুধু নয়, সামনের দিনগুলোতে এর মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মূলত সচেতনতার অভাবে বাংলাদেশের যুবসমাজ উচ্চ রক্তচাপের ঝুঁকিতে পড়ছে। বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম স্থান অধিকার করে উচ্চ রক্তচাপ, যা মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছে ১৮-৩৯ বছর বয়সি যুবকদের মধ্যে প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এই সংখ্যা যদি দ্রুত কমানো না হয়, তা হলে ভবিষ্যতে এর ক্ষতিকর প্রভাব আরও বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা উল্লেখ করে- বাংলাদেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও টেকসই অর্থায়নের বিকল্প নেই। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে, এতে অকালমৃত্যু কমে আসে। পাশাপাশি গবেষণাভিত্তিক প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই রোগের নিয়ন্ত্রণ সম্ভব।


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী মনে করেন, সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে হলে উচ্চ রক্তচাপজনিত মৃত্যুর হার কমাতে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ও নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

অন্যদিকে ড. মলয় কান্তি মৃধা বলেন, গবেষণাভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণে এই রোগের নিয়ন্ত্রণ সম্ভব। সরকার ও সংশ্লিষ্ট সবার উচিত স্বাস্থ্য বাজেট বৃদ্ধি করে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা। মোহাম্মদ আলআমিনসহ অন্য বক্তারা বলেন, গণমাধ্যমের ভূমিকা এই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ। সচেতনতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের পথে এগিয়ে যেতে পারি। তাই সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কমানো ছাড়া বিকল্প নেই। এই সংকট মোকাবিলায় যথাযথ কর্মসূচি এবং টেকসই অর্থায়ন জরুরি।

উচ্চ রক্তচাপ মোকাবিলা করতে হলে সমাজের সবাইকে সচেতন হতে হবে এবং সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণ সমাজকে সুস্থ ও সচেতন করতে হলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক, যাতে ভবিষ্যতে এই ঝুঁকি কমে আসে এবং একটি সুস্থ বাংলাদেশ গড়ে ওঠে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে



Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: