হিলিতে ৭ মাসে ৪৫২ জন আটক, সচেতন মহলের সন্তোষ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে মাদকের বিস্তার রোধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুধু মাদক বহনকারী বা সেবনকারীই নয়, এর নেপথ্যের

2026-08-14T08:50:10+00:00
2026-08-14T08:50:10+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
হিলিতে ৭ মাসে ৪৫২ জন আটক, সচেতন মহলের সন্তোষ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৫০ এএম 
হাকিমপুর থানা। ছবি : সময়ের আলো
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে মাদকের বিস্তার রোধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুধু মাদক বহনকারী বা সেবনকারীই নয়, এর নেপথ্যের সরবরাহকারী ও ব্যবসায়ীদের চিহ্নিত করতেও চলছে কঠোর নজরদারি। পুলিশের এই মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। পাশাপাশি এ ধরনের অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে, সেই দাবিও জানিয়েছেন তারা।

হাকিমপুর থানা সূত্রে জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে ৮৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৪৫২ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে মাদক বিক্রেতা ও সেবনকারী উভয় পক্ষই রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান জানান, হাকিমপুর একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার কিছুটা বেশি। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় হাকিমপুর থানা পুলিশ যে ভূমিকা পালন করছে, আমরা তাদের ধন্যবাদ জানাই। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই সাঁড়াশি অভিযানে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।


হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, মাদকসেবীদের চিহ্নিত করার জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ ডিভাইস বা পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে হিলিতে মাদকের প্রবৃত্তি ও সেবনকারীর সংখ্যা আরও কমে আসবে। বর্তমান উপজেলা প্রশাসন ও থানার ওসির মাদকবিরোধী কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই কার্যক্রমে আমরাও সহযোগিতা করছি। বর্তমানে হিলিতে মাদক অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকলে তা আরও কমে আসবে বলে আমি বিশ্বাস করি।

হাকিমপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী  বলেন, মাদক নির্মূলে কেবল প্রশাসনের এককার পক্ষে কাজ করা সম্ভব নয়। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও দেশকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। এছাড়া মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন সচেতনতামূলক সভা করা প্রয়োজন।

উপজেলার আলীহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল ইমরান বলেন, মাদকের নিয়ন্ত্রণে পুলিশের বর্তমান কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তাদের নিয়মিত অভিযান ও কঠোর তৎপরতা এলাকার যুবসমাজের জন্য মঙ্গল বয়ে আনছে। আগে গ্রামগঞ্জে সহজে মাদক পাওয়া গেলেও বর্তমানে পুলিশের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তবে যারা এর সঙ্গে এখনও জড়িত, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব।

হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সরকারের জিরো টলারেন্স নীতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও সার্কেলের সহকারী পুলিশ সুপারের সহযোগিতায় হাকিমপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। যেহেতু হিলি একটি সীমান্তবর্তী এলাকা, তাই বিষয়টি মাথায় রেখেই আমরা শুরু থেকে কাজ করছি। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না, যার সঙ্গেই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সেমিনার করা হচ্ছে। কেউ যদি মাদক ব্যবসায়ীদের পক্ষে সুপারিশ বা তদবির করেন, তাকেও আইনের আওতায় আনা হবে।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ্ জানান, মাদক একটি সামাজিক ব্যাধি এবং এটি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের সহজলভ্যতা রোধে পুলিশের পাশাপাশি সচেতন সমাজকেও এগিয়ে আসতে হবে। সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের জন্য একটি বাড়তি চ্যালেঞ্জ, তাই শুধু খুচরা বিক্রেতা বা সেবনকারী নয়, মূল সরবরাহকারীদের শনাক্ত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

সময়ের আলো/জোই


  বিষয়:   হিলি  সচেতন মহল  সন্তোষ  মাদকের বিস্তার  সাঁড়াশি অভিযান  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: