তারেক রহমানের সফর চায় দিল্লি, তোড়জোড় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত বাস্তবায়নে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে নয়াদিল্লি। সম্পর্ক পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে চলতি

2026-08-14T11:04:07+00:00
2026-08-14T11:12:05+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
দ্য হিন্দুর প্রতিবেদন
তারেক রহমানের সফর চায় দিল্লি, তোড়জোড় শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৪ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ১১:১২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত বাস্তবায়নে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে নয়াদিল্লি। সম্পর্ক পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে চলতি আগস্টের শেষ কিংবা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে ঢাকার সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিখ্যাত ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কূটনীতিকেরা এ বিষয়ে আশাবাদ প্রকাশ করে জানিয়েছেন যে, খুব শিগগিরই হয়তো কোনো সুখবর আসতে পারে। এই সফর সফল হলে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন, জ্বালানি সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন এবং ২০২৫ সালে বাংলাদেশের বিভিন্ন পণ্যের ওপর দেওয়া ভারতীয় বাণিজ্য বিধিনিষেধ তুলে নেওয়ার সুযোগ তৈরি হবে।

তবে ঢাকাভিত্তিক কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের একের পর এক রাজনৈতিক তৎপরতা অব্যাহত থাকলে এই ইতিবাচক উদ্যোগে ব্যাঘাত ঘটতে পারে। তবুও চলতি বছরের বাকি সময়ে ভারত সরকারের একাধিক আন্তর্জাতিক ব্যস্ততা থাকার কারণে সুযোগের সময়সীমা ফুরিয়ে যাওয়ার আগেই সম্পর্ক স্বাভাবিক করা উভয় দেশের জন্যই জরুরি বলে মনে করা হচ্ছে।

দুই দেশের শীর্ষপর্যায়ের বরফ গলার প্রক্রিয়াটি গতি পায় গত ১০ আগস্ট। ওইদিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পরই এমন তড়িঘড়ি উদ্যোগ দেখা যায়। পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার করেন যে, ওই কর্মসূচির সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক ছিল না এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে করা কোনো বক্তব্য তারা সমর্থন করেন না।


এরই ধারাবাহিকতায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফর করেন। পরবর্তীতে ৯ আগস্ট হাইকমিশনার ত্রিবেদী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন। জানা গেছে, ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে, ‘হাসিনা ইস্যুতে আটকে না থেকে’ দুই দেশের ভবিষ্যৎ উন্নয়ন, ভিসা সুবিধা ও বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যে দ্রুত দ্বিপক্ষীয় সফর সম্পন্ন করাই হবে বুদ্ধিমানের কাজ।

উল্লেখ্য, বাংলাদেশ ব্রিকস জোটের পূর্ণাঙ্গ সদস্য না হওয়ায় আসন্ন ব্রিকস সম্মেলনের সাইডলাইনের চেয়ে একক দ্বিপক্ষীয় সফরেই বেশি আগ্রহী ঢাকা। আগামীতে দিল্লিতে আওয়ামী লীগের প্রস্তাবিত যেকোনো কর্মসূচি যদি নতুন করে উত্তেজনা না বাড়ায়, তবে খুব দ্রুতই ঢাকা-দিল্লি সম্পর্কে একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   তারেক রহমান  সফর  ত্বরান্বিত  মরিয়া  দিল্লি  দ্য হিন্দু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: