সবজির চড়া দামে বাড়ছে নিম্ন আয়ের মানুষের চাপ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

প্রায় এক দশক আগের তুলনায় বর্তমানে রাজধানীর কাঁচাবাজারের চিত্র অনেকটাই বদলে গেছে। ১ হাজার টাকা নিয়ে বাজারে গেলে তখন যে

2026-08-15T09:33:54+00:00
2026-08-15T09:33:54+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
অর্থনীতি
সবজির চড়া দামে বাড়ছে নিম্ন আয়ের মানুষের চাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৩৩ এএম 
সংগৃহীত ছবি
প্রায় এক দশক আগের তুলনায় বর্তমানে রাজধানীর কাঁচাবাজারের চিত্র অনেকটাই বদলে গেছে। ১ হাজার টাকা নিয়ে বাজারে গেলে তখন যে পরিমাণ সবজি কেনা যেত, এখন তার অর্ধেকও পাওয়া যায় না। ২০১৭ সালের তুলনায় রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম দ্বিগুণ, তিন গুণ বা তারও বেশি বেড়েছে। বিশেষ করে বেগুন, শসা, ধুন্দল, বরবটি ও করলার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে মাছ ও মাংসের পর এবার সবজির বাজারও নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য বড় আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কৃষি বিপণন অধিদফতরের ২০১৭ সালের জাতীয় গড় খুচরা বাজারদর এবং সাম্প্রতিক বাজারদরের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, মূল্যবৃদ্ধির শীর্ষে রয়েছে বেগুন।
২০১৭ সালে গোল বেগুনের গড় দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা ৭১ পয়সা। বর্তমানে গোল বেগুন ১৫০ টাকা এবং লম্বা বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ, গোল বেগুনের দাম ৯ বছরে প্রায় ২৬৮ শতাংশ বেড়েছে।

দাম বাড়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শসা। ২০১৭ সালে যার দাম ছিল ২৯ টাকা ৭৮ পয়সা, বর্তমানে তা ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বৃদ্ধি প্রায় ২৩৬ শতাংশ। ধুন্দলের দাম ২৯ টাকা ১৫ পয়সা থেকে বেড়ে ৮০ টাকা। ১৭৪ শতাংশ বৃদ্ধি। বরবটি ও করলার দাম ৩৯ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় পৌঁছেছে। পটোলের দাম ৩৩ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, কচুর লতির দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা এবং কাঁকরোলের দাম ৪৫ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৯০ টাকায় উঠেছে। টম্যাটোর গড় দাম ৫৯ টাকা ৮৫ পয়সা থেকে বেড়ে বর্তমানে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।


অন্যদিকে, কিছু সবজির দাম তুলনামূলক কম বেড়েছে। দেশি আলুর গড় দাম ২০১৭ সালের ২১ টাকা ৩৫ পয়সা থেকে বেড়ে বর্তমানে ৩০ টাকা কেজি হয়েছে (বৃদ্ধি প্রায় ৪১ শতাংশ)। এছাড়া পেঁপের দাম ২৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। একই সবজি ঝুড়িতে বাড়তি খরচ ১ হাজার ৪৯০ টাকা। ৯ বছর আগে আলু, বেগুন, করলা, শসা, টম্যাটো, পটোল ও ঢ্যাঁড়স— এই সাত ধরনের সাধারণ সবজি মাসে চার কেজি করে কিনতে একটি পরিবারের খরচ হতো প্রায় ১ হাজার ৫০ টাকা। বর্তমানে একই পরিমাণ সবজি কিনতে খরচ হচ্ছে প্রায় ২ হাজার ৫৪০ টাকা।

অর্থাৎ, একই সবজি ঝুড়ির পেছনে ব্যয় বেড়েছে ১ হাজার ৪৯০ টাকা বা ১৪২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, ২০২২ সালে একটি পরিবারের গড় মাসিক খাদ্য ব্যয় ছিল ১৪ হাজার ৩ টাকা। সেই হিসাবে, বর্তমানে শুধু সাত ধরনের সাধারণ সবজি কিনতেই একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগ চলে যাচ্ছে।

দীর্ঘমেয়াদে সবজির মূল্যবৃদ্ধির পেছনে উৎপাদন ব্যয়, শ্রমিক মজুরি, পরিবহন ও বিপণন খরচ বৃদ্ধির প্রভাব রয়েছে। এর সঙ্গে চলতি মৌসুমে অতিবৃষ্টি, জলাবদ্ধতা এবং সরবরাহ সংকট যুক্ত হওয়ায় বাজারে নতুন চাপ তৈরি হয়েছে।

মাছ, মাংস ও ডিমের দাম আগে থেকেই উচ্চ পর্যায়ে থাকায় অনেক পরিবার প্রোটিনের বিকল্প হিসেবে সবজির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। কিন্তু এখন সবজির বাজারেও বড় ধরনের মূল্যচাপ তৈরি হওয়ায় তাদের খাদ্য ব্যয় আরও বেড়ে গেছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ভূমিকার কারণে পণ্যের দাম বাড়ে। নিম্ন আয়ের মানুষের আয় যে হারে বাড়ছে, নিত্যপণ্যের দাম তার চেয়ে দ্রুত বাড়ায় তাদের পুষ্টি গ্রহণ ও খাদ্যিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষিপণ্য বাজারজাতকরণ ও সরবরাহ ব্যবস্থায় কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে এই মূল্যচাপ কিছুটা কমানো সম্ভব।

সময়ের আলো/জোই


  বিষয়:   সবজি  চড়া বাজার  নিম্ন আয়  সময়ের আলো  আলু  বেগুন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: