কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সম্পর্কে আপন ভাই এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক প্রয়াত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ছেলে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, পবন ও রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষ্যে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ।
পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যান।
কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে ১৫ আগস্ট উপলক্ষ্যে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন। তারা সেখানে সংগঠিত হচ্ছেন, এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান গণমাধ্যমকে বলেন, তারা দু'জনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই