ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে।
শনিবার (১৫ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে ২ দেশের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে, ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় শনিবার ভোমরা স্থলবন্দরের এ কার্যক্রম বন্ধ থাকবে। ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই বিষয়টি তাদের জানিয়েছেন।
তিনি বলেন, ‘রোববার (১৬ আগস্ট) সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।’
এদিকে ভোমরা চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও, শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। নিয়ম মেনে দুই দেশের যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চলাচল করতে পারবেন।’
সময়ের আলো/মহু