ছোটপর্দার আলোচিত অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী। নাটকের পাশাপাশি অভিনয় করছেন চলচ্চিত্রেও। প্রায় দুই বছর আগে নীরবে ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমার শুটিং শেষ করেন অভিনেত্রী।
ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের সব কাজ। শিগগিরই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বকুলের বুকে রক্তকরবী’। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রতীকধর্মী নাটক ‘রক্তকরবী’র আবহ ও নামগত অনুপ্রেরণায় এবং বর্তমান সময়ের যান্ত্রিক ও জটিল সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এর চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
শাহরিয়ার পলক পরিচালিত এই সিনেমায় বকুল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী ঊর্বী। তার সঙ্গে প্রধান আরেকটি চরিত্রে রয়েছেন মীর রাব্বী, তাকে দেখা যাবে খলচরিত্রে। এর আগে বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন রাব্বী-ঊর্বী।
তবে সিনেমায় জুটি হিসেবে এটি তাদের দ্বিতীয় কাজ। এর আগে অভিজিৎ চক্রবর্তীর ‘জুন’ নামে একটা সিনেমা কাজ করেছেন দুজন।
নতুন সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বাণিজ্যিক সিনেমার বাইরে বিকল্প ধারার সিনেমা নিয়েই বেশি আগ্রহী আমার। বকুলের বুকে রক্তকরবী সেই ঘরানার সিনেমা। এটি সামাজিক সচেতনতার গল্প। কাজটি করে অনেক ভালো লেগেছে।
ট্রেলার টিজার প্রকাশ হলেই দর্শক বুঝতে পারবেন কত সুন্দর একটি কাজ হয়েছে। এতে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন মীর রাব্বী ভাই। তার লুক খুবই ভয়ংকর। শুটিংয়ের সময় তার লুক দেখে আমি ঘাবড়ে যেতাম। আশা করছি সিনেমাটি দর্শকদের মন ভরাবে।
শাহরিয়ার পলক বলেন, বকুলের বুকে রক্তকরবী শুধু একটি চলচ্চিত্র নয়, দীর্ঘদিনের স্বপ্নপূরণ, ‘গল্পটা আমার একরকম দায়িত্ব থেকে বানানো। এখনই সেই গল্প সম্পর্কে কিছু বলতে চাই না। সিনেমাটির টিজার ও ট্রেলার দেখার পর দর্শক বুঝতে পারবেন।’
এর আগে গত ঈদে মুক্তি পেয়েছে প্রিয়ন্তী ঊর্বীর ‘বনলতা সেন’ সিনেমা। জীবনানন্দ দাশের একই শিরোনামের কবিতা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে বনলতা বন্দ্যোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী।
তারও আগে ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করে নজরে আসেন প্রিয়ন্তী। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘জুন’ সিনেমা। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন প্রিয়ন্তী।
২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
২০২২ সালে চরকির অ্যান্থলজি সিনেমা ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন। পরে ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’, ‘কালপুরুষ’-এর মতো আলোচিত ওয়েব সিনেমা-সিরিজে তাকে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে।
সময়ের আলো/এসএকে