পরীক্ষা বাতিল হলেও সিবিআই তদন্তের দাবিতে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জেএসএসসি-সিজিএল পরীক্ষা এবং টিডিপিএলের মাধ্যমে নেওয়া সব পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সরকারের সিদ্ধান্তের

2026-08-18T10:15:03+00:00
2026-08-18T10:15:03+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পরীক্ষা বাতিল হলেও সিবিআই তদন্তের দাবিতে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:১৫ এএম 
সংগৃহীত ছবি
ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জেএসএসসি-সিজিএল পরীক্ষা এবং টিডিপিএলের মাধ্যমে নেওয়া সব পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সরকারের সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ অনশন ভাঙলেও পরীক্ষা অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) তদন্তের দাবিতে আন্দোলন পুরোপুরি শেষ হয়নি।

সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে ঝাড়খণ্ড মন্ত্রিসভার দীর্ঘ বৈঠকের পর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। টানা ২৪ দিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে অনশনও ১৪ দিনে পৌঁছেছিল।

সরকারের সিদ্ধান্তের পর শিক্ষার্থী নেতা দেবেন্দ্রনাথ মাহাতো, রাহুল ক্রান্তি, উম্মে হাবিবাসহ ছয়জন অনশন প্রত্যাহার করেন। রাঁচির সদর হাসপাতালে ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পাণ্ডে সিং ও ইরফান আনসারির উপস্থিতিতে অনশন ভাঙেন মাহাতো।

একই সঙ্গে নিয়োগ পরীক্ষার পুরো প্রক্রিয়া সংস্কারে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সরকার। জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা অমিতাভ কৌশলকে ওই কমিটির প্রধান করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরীক্ষাব্যবস্থার সংস্কারের সুপারিশ তৈরি করা হবে বলে জানিয়েছে সরকার। তবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের মূল দাবি, যেসব পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো নিয়ে সিবিআই তদন্ত করতে হবে।

শিক্ষার্থী নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন। তবে তাদের এখন একটাই দাবি— বাতিল করা সব পরীক্ষায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে হবে।

তিনি বলেন, সরকার যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাহলে সব শিক্ষার্থী সরকারের পাশে থাকবে।

তবে ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পাণ্ডে সিং সিবিআই তদন্তের দাবিকে ‘একগুঁয়েমি’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, ২০১৫ সাল থেকে প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সুনির্দিষ্ট ফল দিতে পারেনি।

অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভার বিরোধীদলীয় নেতা বাবুলাল মারান্ডি শিক্ষার্থীদের সিবিআই তদন্তের দাবি মেনে নেওয়ার জন্য হেমন্ত সোরেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের আত্মবিশ্বাস থাকলে তদন্তে ভয় পাওয়ার কারণ কী—এমন প্রশ্নও তুলেছেন তিনি।

এদিকে পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের ধরতে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালাচ্ছে। সিআইডির অতিরিক্ত মহাপরিচালক মনোজ কৌশিক জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে জেএসএসসি কার্যালয়সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

নিয়োগ পরীক্ষা নিয়ে বিতর্কের সূত্রপাত হয় চলতি বছরের ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাকে ঘিরে। ২২ জুলাই এ ঘটনায় মামলা করে সিআইডি। এখন পর্যন্ত সাবেক জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতের পাশাপাশি টিডিপিএলের পরিচালক ও কর্মকর্তাসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সামাজিক আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুক ভিডিও কলে শিক্ষার্থী নেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সরকারের সিদ্ধান্তকে ‘সবার বিজয়’ হিসেবে অভিহিত করেন।

তবে সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়ায় ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন এখনো পুরোপুরি শেষ হয়নি।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ভারত  শিক্ষার্থী আন্দোলন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: