বিয়ে করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস, পাত্রী কে?

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে

2026-08-19T12:57:35+00:00
2026-08-19T20:16:17+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
বিয়ে করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস, পাত্রী কে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৮:১৬ পিএম
ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার জীবনসঙ্গিনী। ছবি : সংগৃহীত
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার জীবনসঙ্গিনী।

রবার্তো কার্লোসের স্ত্রী সৌহাইলা এল তাহিরি। স্পেনের মরক্কো বংশোদ্ভূত সৌহাইলা পেশাগতভাবে ফুটবলের সঙ্গে যুক্ত। তিনি ফিফা-স্বীকৃত খেলোয়াড় প্রতিনিধি হিসেবে কাজ করেন। ব্রাজিল ও ইউরোপের বিভিন্ন ফুটবলার এবং ক্লাবের সঙ্গে কাজ করতে গিয়ে কার্লোসের সঙ্গে তার পরিচয় হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে সেই পরিচয় গড়ায় ব্যক্তিগত সম্পর্কে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসে ১৭ আগস্ট। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে একটি দাবি করেছেন।

আলী শাহিন জানান, সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। সেখানে ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে তার বৈঠক হয়। ওই আলেমের বরাত দিয়ে আলী শাহিন দাবি করেন, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন।


তবে রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের খবরটি নিশ্চিত করেননি। তার কোনো মুখপাত্র বা অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টি তুরস্কের ওই সংসদ সদস্য ও ব্রাজিলের ইসলামিক স্কলারের দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনেও বলা হয়েছে, রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরের স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাই তার ধর্মান্তরের বিষয়টি নিশ্চিত ঘটনা হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই।

ফুটবল ক্যারিয়ারে অবশ্য রবার্তো কার্লোসের অর্জনের তালিকা দীর্ঘ। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৯৮ বিশ্বকাপে রানার্সআপ হন তিনি। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন একাধিক লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। দুর্দান্ত গতি, শক্তিশালী শট ও অবিশ্বাস্য ফ্রি-কিকের জন্য বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই কিংবদন্তি ডিফেন্ডার।

বিয়ের খবরের সঙ্গে ইসলাম গ্রহণের দাবিও সামনে আসায় রবার্তো কার্লোসের জীবনের নতুন এই অধ্যায় এখন তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিয়ে  ব্রাজিল কিংবদন্তি  রবার্তো কার্লোসে  পাত্রী 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: