পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কনটুজি, তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে কেনিয়ার সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে ইওয়াসো নিয়িরো নদীর দিকে যাচ্ছিল।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ মডেলের। সামবুরু কাউন্টি দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। সেখানে বেশ কয়েকটি বেসরকারি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা রয়েছে। ইওয়াসো নিয়িরো নদীও কেনিয়ার বিভিন্ন জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে ওলোলোকওয়ে পর্বতের জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হেলিকপ্টার থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুনে পুড়তে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যান। কেনিয়া রেড ক্রসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।
দুর্ঘটনায় নিহত মিশেল সেনসি-কনটুজির বয়স ছিল ৪৪ বছর। ২০২৪ সালে তাকে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তার মৃত্যুর বিষয়ে ইকুয়েডর সরকার তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট গিলের্মো লাসোও তার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন।
হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টারসও এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অতিথি, ক্রু সদস্য এবং তাদের স্বজনদের প্রতি তারা গভীরভাবে শোকাহত।
নিহত পাঁচ মার্কিন নাগরিকের মধ্যে একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ মেমোতে সুয়ারেজকে অত্যন্ত সম্মানিত নেতা এবং প্রিয় বন্ধু ও সহকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিহতদের মধ্যে মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তেও ছিলেন বলে স্থানীয় ও মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক জানিয়েছেন মার্কিন প্রতিনিধি কার্লোস আন্তোনিও গিমেনেজ।
বাকি মার্কিন নাগরিকদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এর আগে বিভিন্ন প্রতিবেদনে নিহতদের ছয় পর্যটক ও একজন পাইলট হিসেবে উল্লেখ করা হয়েছিল।
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা এর আগেও ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নান্দি কাউন্টির রিফট ভ্যালি এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে দেশটির একজন সংসদ সদস্যও ছিলেন।
এর আগে ২০২৪ সালে দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ১১ জনকে নিয়ে উড্ডয়ন করা সামরিক হেলিকপ্টারটি কেনিয়ার পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হলে দুজন ছাড়া বাকি সবাই মারা যান।
২০২১ সালের জুনেও রাজধানী নাইরোবির কাছে অবতরণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ সেনা নিহত হয়েছিলেন।
সময়ের আলো/এসএকে