ইরানকে সহায়তা করা যেকোনো দেশের বিরুদ্ধে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। ইরানের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক

2026-08-20T09:31:03+00:00
2026-08-20T09:40:30+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে সহায়তা করা যেকোনো দেশের বিরুদ্ধে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৩১ এএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৯:৪০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এনডিটিভি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। ইরানের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে দেশটিকে কোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২০ আগস্ট) ট্রাম্প জানান, কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
 
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আজ আমি কোনো দেশের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা করছি। এটি নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা সৃষ্টি করবে।  

তবে ইরানের সঙ্গে ব্যবসা বা অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। তার পোস্টে ইরান ছাড়া কোনো নির্দিষ্ট দেশের নামও উল্লেখ করা হয়নি।    

তিনি ইরানকে সহায়তা করার অভিযোগে ‘তেল পাচার, অর্থ বিনিময় ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন এবং বিভিন্ন ভুয়া বা আড়াল করা কোম্পানি’র কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।  

ট্রাম্প বলেন, এটি হবে একটি অর্থনৈতিক ডি-ডে। ইরানের হুমকিকে বিচ্ছিন্ন ও পরাজিত করতে আমাদের সব মিত্রকে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে। 

ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস হয়েছে, সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ইরানের মুদ্রার মূল্য কার্যত তলানিতে নেমেছে।

তিনি বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। 

ট্রাম্পের সর্বশেষ ঘোষণা এমন সময় এসেছে, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় ছয় মাসে গড়িয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা আরও জোরদার করার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওয়াশিংটন এমন একটি অর্থনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করতে চায়, যার নজির বিশ্ব আগে দেখেনি। 

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ নামে নিষেধাজ্ঞা কার্যক্রম পরিচালনা করছে। এর লক্ষ্য হলো বিভিন্ন নিষেধাজ্ঞা ও আর্থিক পদক্ষেপের মাধ্যমে ইরানের অর্থের উৎসগুলো বন্ধ করে দেওয়া।


কোন দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক রাখছে?

রাশিয়া ইরানকে সামরিক সরঞ্জাম ও ড্রোন-সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে চীন ইরানের তেল কেনা অব্যাহত রেখেছে এবং তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতা বজায় রেখেছে। 

পাকিস্তান কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন করেছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টা চালিয়েছে। তবে দেশটি ইরানকে সামরিক সহায়তা দিয়েছে, এমন কোনো তথ্য নেই।

এ ছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াসহ কয়েকটি মিত্র সশস্ত্র গোষ্ঠীর সমর্থনও ইরান পেয়ে থাকে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে প্রণালিটি খোলা রয়েছে এবং অনেক জাহাজ সেখান দিয়ে চলাচল করছে।

তবে একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতির উন্নতি হলে ভবিষ্যতে আলোচনাও আবার শুরু হতে পারে। কিন্তু তার মূল অবস্থান অপরিবর্তিত, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। 

ট্রাম্প বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। কারণ তারা এর ব্যবহার করতে পারে। আমরা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার  করতে দেব না। 

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়া, ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া এবং তেল নিষেধাজ্ঞা শিথিল করার মতো প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলবে না। 



সময়ের আলো/ইউএমএইচ 




  বিষয়:   ইরান  ভয়াবহ পরিণতি  হুঁশিয়ারি  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: