গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (প্রায় ৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের হোনাখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে হাইটেক পার্কের লোহার সেতুর পাশে ঢাকা-যমুনা সেতু রেললাইনের পাশে এক যুবকের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, ভোরে ওই যুবক রেললাইন দিয়ে চন্দ্রার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
পুলিশ আরও জানায়, নিহতের কাছে কোনো পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি। এমনকি তাঁর শরীরে কোনো পোশাকও ছিল না।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এসএকে