অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের দুটি পৃথক জেলা থেকে ১৭ জন কথিত বাংলাদেশিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ২ নারী ও ৩ শিশুসহ ১০ জন এবং মুর্শিদাবাদের রাণীনগর সীমান্ত থেকে ৭ পুরুষকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর গাজীর মোড় এলাকার এক ব্যক্তির বাড়িতে অবৈধ অভিবাসীরা আশ্রয় নিয়েছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানান, তারা কয়েক বছর আগে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে ভাঙাড়ির ব্যবসা করছিলেন। সম্প্রতি সেখানে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার হলে তারা স্থান পরিবর্তন করে রায়দিঘিতে এসে আশ্রয় নেন। তাদের লক্ষ্মীকান্তপুর হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মুর্শিদাবাদের রাণীনগর থানার কাহারপাড়া সীমান্তবর্তী এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আরও ৭ বাংলাদেশিকে আটক করে পুলিশ। তাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় বলে জানা গেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে মুর্শিদাবাদ সীমান্ত হয়ে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিলেন। তবে সীমান্ত পার করে দেওয়ার পর দালাল পালিয়ে গেলে তাঁরা ধরা পড়েন। তাদের বর্তমানে লালগোলা হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।
সময়ের আলো/টিকে