চীনের বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে এবার পূর্ণাঙ্গ একটি ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ নিচ্ছে। অ্যাপের ভেতরের সরাসরি বার্তার (ইনবক্স) মাধ্যমে ব্যবহারকারীদের একে অন্যের কাছে অর্থ পাঠানোর ফিচার চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ও ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে আইফোনের জন্য টিকটক অ্যাপের সাম্প্রতিক সংস্করণের গোপন সংকেতের (কোড) মধ্যে নতুন এই ফিচারের অস্তিত্ব মিলেছে।
যেভাবে কাজ করবে এই ফিচার
ইনবক্সে লেনদেন : মেসেঞ্জারে চ্যাট করার সময় ব্যবহারকারীরা নিজস্ব ওয়ালেট থেকে অন্য ব্যবহারকারীকে সরাসরি অর্থ পাঠাতে পারবেন।
ছোট বার্তা যুক্ত করা : টাকা পাঠানোর সময় শুভেচ্ছা বা লেনদেনের বিবরণ হিসেবে ছোট বার্তা (মেসেজ) লিখে দেওয়া যাবে।
সহজ গ্রহণ প্রক্রিয়া : প্রাপক টাকা পাওয়ার পর ইনবক্সে থাকা একটি বোতামে চাপ দিয়ে তা নিজের অ্যাকাউন্টে জমা করতে পারবেন।
টিকটকের নিজস্ব অর্থ লেনদেন ব্যবস্থা বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে এই সুবিধা দেওয়া হবে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটায় এই পেমেন্ট সিস্টেমটি চালু রয়েছে। এবার তা ব্যক্তিগত লেনদেনেও প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিযোগিতার মুখে ভেনমো ও এক্স মানি
মেসেজিং অ্যাপে অর্থ লেনদেনের এই ধারা অবশ্য নতুন নয়। টিকটকের এই সেবা চালু হলে তা যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় লেনদেন সেবা ভেনমো ও জেলের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) সম্প্রতি চালু করেছে ‘এক্স মানি’, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে লেনদেন করতে পারেন।
তবে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, ফিচারটি এখনও প্রারম্ভিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে উন্মুক্ত করা হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য দেওয়া হয়নি।
সময়ের আলো/জেডি