স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের থেকেও ভালোভাবে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, আইন ও বিধিবিধান মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বেশি হওয়ার শঙ্কা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিকল্পনা সাজাচ্ছে ইসি।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে বিগত সময়ে কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ থাকার পরও সংসদ নির্বাচন স্ট্যান্ডার্ড হয়েছে।
সিইসি বলেন, সংসদ নির্বাচনে কিছু বিষয়ে ঘাটতি ছিল, ঘাটতিগুলো খুঁজে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও ভালো করতে তৎপর কমিশন।
এ ছাড়া তিনি জানান, ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কাজ করছে কমিশন।
সময়ের আলো/জেডি