গোপালগঞ্জে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, চর বড়ফা গ্রামের মৃত সামচু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খাঁ (১০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে কৃষিজমিতে পানি দিতে যান এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী হাসান। মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বসত এনায়েত খাঁ বিদ্যুতায়িত হন। বাবাকে বাঁচাতে গিয়ে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
কিছুক্ষণ পর এনায়েত খাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসা কর্মকর্তা জানান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সময়ের আলো/জোই