বিদেশি উদ্ধারকারী দল নেবে না নেপাল, চায় অর্থ সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভয়াবহ ভোতেকোশি বন্যার পর বিভিন্ন দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে নেপাল। দেশটির সরকার জানিয়েছে, নিজেদের নিরাপত্তা

2026-08-28T10:41:24+00:00
2026-08-28T10:41:24+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বিদেশি উদ্ধারকারী দল নেবে না নেপাল, চায় অর্থ সহায়তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:৪১ এএম 
ছবি : সংগৃহীত
ভয়াবহ ভোতেকোশি বন্যার পর বিভিন্ন দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে নেপাল। দেশটির সরকার জানিয়েছে, নিজেদের নিরাপত্তা বাহিনীর সক্ষমতায় নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব।

গত বুধবারের বন্যার পর নেপালে ৫১৭ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ নিজেদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর আগ্রহ জানিয়েছিল। তবে নেপাল সরকার জানিয়েছে, বিদেশি উদ্ধারকারী দল না নিয়ে দেশগুলোকে একক ব্যবস্থার মাধ্যমে আর্থিক সহায়তা দিতে বলা হয়েছে। পুনর্গঠনপর্বে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত আর্থিক সহায়তা ও অন্যান্য সহযোগিতা চাওয়া হবে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে উদ্ধারকারী দল পাঠানোর একাধিক অনুরোধ এসেছে। তবে সরকার তাদের জানিয়েছে, নেপালের নিজস্ব নিরাপত্তা সংস্থাগুলোই উদ্ধার অভিযান পরিচালনায় সক্ষম।

২০১৫ সালের ভূমিকম্পের অভিজ্ঞতার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। সে সময় বিপুলসংখ্যক বিদেশি উদ্ধারকারী দল নেপালে পৌঁছানো এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়হীন প্রতিযোগিতার কারণে উদ্ধারকাজ পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা হয়েছিল। নেপালি সেনাবাহিনী ও পুলিশের সুপারিশের ভিত্তিতেই এবার বিদেশি উদ্ধারকারী দল না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বন্যায় শত শত ভারতীয় নাগরিক নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ভারত নেপালে জাতীয় দুর্যোগ মোকাবিলায় বাহিনী পাঠানোর অনুমতি চেয়েছিল। একই ধরনের অনুরোধ করেছিল চীনসহ অন্যান্য দেশও। তবে সেসব প্রস্তাবও নাকচ করেছে নেপাল।

বন্যায় ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি সাড়া দল গঠন করেছে। এই দল বিদেশি নাগরিকদের অনুসন্ধান, উদ্ধার, তথ্য যাচাই এবং কনস্যুলার সহায়তার জন্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আন্ডার সেক্রেটারির নেতৃত্বে দলটি কাজ করছে। নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন বিদেশি নাগরিকদের অবস্থান ও পরিস্থিতি জানতে রাসুওয়ার তিমুরে বিশেষ অভিযান দলের সঙ্গেও একজন আন্ডার সেক্রেটারিকে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর পৌডেল ছেত্রী বলেন, ওই কর্মকর্তা ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করছেন। তিনি যে তথ্য সংগ্রহ করবেন, তা সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। নিখোঁজ বিদেশিদের স্বজনদের কাছ থেকে বিপুলসংখ্যক অনুসন্ধান আসায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদেশি নাগরিকদের বিষয়ে তথ্যের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও সাধারণ মানুষকে নির্ধারিত হটলাইন ও ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম সচিবদের বিদেশি সরকারগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা এবং তাদের নিখোঁজ নাগরিকদের বিষয়ে নিয়মিত তথ্য দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বিদেশে থাকা নেপালের কূটনৈতিক মিশনগুলোকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে আর্থিক সহায়তা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত ইতোমধ্যে নেপালে ৪৭ দশমিক ৫ টনের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর মধ্যে খাদ্য ও ওষুধসহ বিভিন্ন জরুরি সামগ্রী রয়েছে।

ভারত বেইলি সেতু ও পূর্বনির্মিত ট্রাস সেতু পাঠানোরও প্রস্তাব দিয়েছে। জয়সওয়াল বলেন, ‘নেপাল যে অনুরোধই করেছে, আমরা সেটিই বাস্তবায়ন করছি।’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বিশ্বব্যাংক ইতোমধ্যে নেপালকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে যোগাযোগ করে নেপাল ও দেশটির জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন।

তিনি বলেন, জরুরি সহায়তার পাশাপাশি ঝুঁকি মূল্যায়ন, আগাম সতর্কতা ব্যবস্থা এবং আরও স্থিতিস্থাপক অবকাঠামো তৈরির মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতেও নেপালকে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, নেপাল সরকারকে মানবিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি নেপালের প্রতি যুক্তরাজ্য সরকারের জোরালো সমর্থনের কথা জানান এবং চলমান উদ্ধার অভিযান, বিশেষ করে নিখোঁজ ব্রিটিশ নাগরিকদের সন্ধান সম্পর্কে খোঁজ নেন।

নেপালের বিদেশি কূটনৈতিক মিশনগুলোও বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো/কেএইচ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: