ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশন করতে আসা দেশি-বিদেশি সাংবাদিকদের জন্য নতুন একগুচ্ছ নির্দেশনা জারি করেছে নেপাল সরকার। এর আওতায় বিদেশি সাংবাদিকদের পাসপোর্ট ও বৈধ ভিসার অনুলিপি, নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয়পত্র, নিয়োগপত্র বা চুক্তিপত্র এবং বেতন ও সুযোগ-সুবিধার বিবরণসহ বিভিন্ন নথি জমা দিতে হবে।
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন তথ্য প্রশাসন ও প্রেস শাখা জানিয়েছে, বিদেশি সাংবাদিকদের নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের একটি সুপারিশপত্রের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা নেপালে অবস্থিত ওই দেশের দূতাবাস বা কনস্যুলার অফিসের সুপারিশপত্রও জমা দিতে হবে।
তবে তথ্য বিভাগের মুখপাত্র গোবিন্দ প্রসাদ পান্ডে বলেছেন, এটি কোনো নতুন নীতি বা ব্যবস্থা নয়। বিদেশি সাংবাদিকদের প্রেস পাস দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
তিনি বলেন, মুদ্রণ ও সম্প্রচারমাধ্যমের জন্য বিদ্যমান নিয়মকানুন ও পদ্ধতি অনুসরণ করে বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু রয়েছে। বিদ্যমান বিধানটিই কেবল অব্যাহত রাখা হয়েছে।
বুধবার ভোরে ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যার পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বহু বিদেশি সংবাদদাতা দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছেছেন। এর পরিপ্রেক্ষিতেই বিদেশি সাংবাদিকদের নথিপত্র ও প্রেস পাসের বিষয়টি সামনে এসেছে।
একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটি কোনো স্থায়ী নিয়ম নয়। বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রমকে সুসংহত করাই এর উদ্দেশ্য।
বিদেশি সাংবাদিকদের নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে দেওয়া পরিচয়পত্রের পাশাপাশি বেতন ও সুযোগ-সুবিধার বিবরণও জমা দিতে হবে। এসব নথি জমা দেওয়ার পর অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন আবেদন অনুমোদিত হওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত ফরম্যাটে দুটি পাসপোর্ট আকারের ছবি নিয়ে প্রেস প্রতিনিধি সনদপত্র ও সাংবাদিক পরিচয়পত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট বিভাগে সশরীরে উপস্থিত হতে হবে।
গোবিন্দ প্রসাদ পান্ডে বলেন, সরকারি ছুটির দিনেও অফিস খোলা রেখে সেবা দেওয়া হবে, যাতে রিপোর্টিংয়ের জন্য নেপালে আসা বিদেশি সাংবাদিকদের অপেক্ষা করতে বা কোনো ধরনের অসুবিধার মুখে পড়তে না হয়।
ইতিমধ্যে নেপালে পৌঁছানো বিদেশি সাংবাদিকদেরও রিপোর্টিং শুরুর আগে প্রেস পাস সংগ্রহ করতে হবে বলে জানিয়েছেন পান্ডে। তিনি বলেন, প্রেস পাস ছাড়া কেউ রিপোর্টিং করলে তা আইনসম্মত হিসেবে গণ্য হবে না এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি বলেও বিবেচিত হবে।
এদিকে নেপালি সাংবাদিকদের জন্যও প্রেস প্রতিনিধি সনদপত্র ও সাংবাদিক পরিচয়পত্র পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। তাদের তথ্য বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রেস প্রতিনিধি সনদপত্রের জন্য নেপালি সাংবাদিকদের নাগরিকত্ব সনদের অনুলিপি, গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া নিয়োগপত্র এবং প্রতিষ্ঠানটির সুপারিশপত্র জমা দিতে হবে।
এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন বা হালনাগাদের প্রমাণপত্র, একটি অঙ্গীকারপত্র এবং বেতন ও নিয়মিত ভাতা পাওয়ার সত্যায়িত ব্যাংক বিবরণীও দাখিল করতে হবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দেশে কর্মরত বিদেশি সাংবাদিকদের ওপর নজরদারি রাখার উদ্দেশ্যেই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
সময়ের আলো/জেডি