যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় প্রায় ১৫ জন হাইকার নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র্যাঞ্চ এলাকায় হঠাৎ বন্যার পানি ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) জানিয়েছে, এখন পর্যন্ত ৬২ জনকে ওই এলাকা থেকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। আরও কয়েকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বন্যার সময় সেখানে থাকা ৪১ বছর বয়সী নিকি ব্যাগস বলেন, ‘পুরো ঘটনাটাই ছিল ভীতিকর।’ শনিবার গ্র্যান্ড ক্যানিয়নের নিচের অংশ থেকে দুই বন্ধুর সঙ্গে তাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।
বিবিসিকে নিকি বলেন, ‘দিনটি খুব সুন্দর ছিল। এরপর হঠাৎ মানুষ চিৎকার করতে ও দৌড়াতে শুরু করল।’
তিনি জানান, ফ্যান্টম র্যাঞ্চের একটি কেবিনে নিজেদের মালপত্র রেখে সুন্দর আবহাওয়ার কারণে বাইরে বের হয়েছিলেন তারা। কিছু বুঝে ওঠার আগেই চারদিক দিয়ে বন্যার পানি ছুটে আসতে শুরু করে।
বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিকি ও তার দুই বন্ধু উঁচু জায়গার দিকে ছুটে যান। সেখানে একটি পিকনিক টেবিলের পাশে অবস্থান নেওয়ার পর পার্কের রেঞ্জাররা তাদের অন্য একটি উঁচু জায়গায় যাওয়ার নির্দেশ দেন। সেখানে আরও কয়েকজনের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তাদের সরিয়ে নেওয়া হয়।
নিকি বলেন, তারা ফ্যান্টম র্যাঞ্চে স্টেক খাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরতে পারাটাই তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়।
তিনি বলেন, ‘এটি ছিল খুবই সমন্বিত একটি উদ্ধার তৎপরতা। অনিরাপদ একটি পরিস্থিতির মধ্যেও রেঞ্জারদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপই আমাদের নিরাপদ বোধ করিয়েছে।’
এনপিএস প্রথমে জানিয়েছিল, গ্র্যান্ড ক্যানিয়নের ওই এলাকায় ২০ জনের বেশি মানুষ নিখোঁজ বা নিখোঁজ হিসেবে বিবেচিত হচ্ছেন। পরে সেই সংখ্যা কমিয়ে ‘প্রায় ১৫ জন’ বলে জানানো হয়।
বন্যায় কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কয়েকটি ট্রেইল বন্ধ করে দেওয়া হয়েছে। নিকি জানান, উঁচু জায়গা থেকে তারা সেতুগুলো বন্যার পানিতে ভেসে যেতে দেখেছেন।
শনিবার ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক করিডোরের ভেতরের অংশে যেসব হাইকার বা ব্যাকপ্যাকার ছিলেন, তাদের সম্পর্কে তথ্য জানা থাকলে এনপিএসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রোববার ও সোমবার আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এনপিএস। এতে নতুন করে আকস্মিক বন্যা, কাদা-পাথরের স্রোত, পাহাড়ি পাথরধস এবং ট্রেইল ও নদীর পরিস্থিতিতে পরিবর্তন দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় জাতীয় উদ্যান গ্র্যান্ড ক্যানিয়নে প্রতি বছর প্রায় ৫০ লাখ মানুষ ভ্রমণ করেন। এর মধ্যে ব্রাইট অ্যাঞ্জেল ট্রেইলটি সবচেয়ে জনপ্রিয় হাঁটার পথগুলোর একটি।
সময়ের আলো/জেডি