আগামী ৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে প্রি-অর্ডারের সময়সূচিতেও প্রচলিত নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হতে পারে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে। সাধারণত নতুন আইফোন উন্মোচনের পরের শুক্রবার প্রি-অর্ডার শুরু করে অ্যাপল। তবে এবার ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী হওয়ায় সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থানীয় সময় সকাল ১০টায়, যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ মডেলও আসতে পারে।
ফোর্বসের তথ্যমতে, আইফোন ১৮ প্রো সিরিজের প্রি-অর্ডার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা (প্যাসিফিক সময়) থেকে শুরু হতে পারে।
এই সময়সূচির তথ্য প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের একটি প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করেছে ফোর্বস। ম্যাকরিউমার্স আবার জার্মান প্রকাশনা ম্যাকওয়েল্টের তথ্য উদ্ধৃত করেছে। তবে অ্যাপল এখনো প্রি-অর্ডারের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে, অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন কবে বাজারে আসবে, তা নিয়েও ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গেই এটি বিক্রি শুরু হতে পারে। আবার অন্য সূত্রের দাবি, ভাঁজযোগ্য মডেলটির প্রি-অর্ডার সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হতে পারে।
নতুন আইফোনের সঙ্গে আইওএস ২৭ উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, নতুন অপারেটিং সিস্টেমটি ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে।
আইফোন ১১সহ যেসব মডেল আইওএস ২৬ সমর্থন করে, সেগুলোতে আইওএস ২৭ চালানো যাবে। তবে হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে কিছু নতুন ফিচার কেবল নতুন প্রজন্মের আইফোনেই পাওয়া যেতে পারে।
আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি ১৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হতে পারে। ফোর্বস জানিয়েছে, সেদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে অ্যাপলের খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে ফোন বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের প্রচলিত বাজারজাতকরণ সূচির সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ।
সময়ের আলো/কেএইচও