বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষপুরা হোগলাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪২)। তারা পেশায় দিনমজুর ও কৃষিকাজ করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে মহিষপুরা হোগলাপাশা গ্রামের তাদের ভগ্নিপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রির জমিতে বীজ রোপণের কাজ করতে যান দুই ভাই। বেলা সাড়ে ১১টার দিকে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
পরে স্থানীয়রা মহিষপুরা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
নিহত বিধান বাছাড়ের স্ত্রী শিখা রানী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। আর মানিক বাছাড়ের স্ত্রী বিথি রানী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ভাইয়ের মৃত্যুর খবরে হোগলাপাশা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
মহিষপুরা ফাঁড়ির টু-আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) ঝন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সময়ের আলো/এসএকে