রাশিয়ার আকাশ ‘পুরোপুরি অনিরাপদ’, বিমান সংস্থাগুলোকে জেলেনস্কির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যে রাশিয়ার আকাশসীমাকে ড্রোনের জন্য ‘পুরোপুরি অনিরাপদ’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার

2026-09-02T20:37:06+00:00
2026-09-02T20:37:06+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার আকাশ ‘পুরোপুরি অনিরাপদ’, বিমান সংস্থাগুলোকে জেলেনস্কির সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংগৃহীত ছবি
ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যে রাশিয়ার আকাশসীমাকে ড্রোনের জন্য ‘পুরোপুরি অনিরাপদ’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কির মন্তব্যকে তিনি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ঘোষণা’ হিসেবে উল্লেখ করেছেন। 

এরই মধ্যে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভ এবং আশপাশের এলাকায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নতুন করে এই হামলা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে দুই দেশের অবস্থান আরও কঠোর হয়েছে।

Advertisement
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর চার বছরেরও বেশি সময় পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ও রাশিয়া উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘাত বন্ধে যে কূটনৈতিক উদ্যোগ চলছে, তাতেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি রাশিয়ার আকাশসীমা ব্যবহারকারী বিমান সংস্থা, বিমা প্রতিষ্ঠান এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দর ব্যবহারকারী সবাইকে সতর্ক করেন।

তিনি বলেন, আজ আমরা রাশিয়ার আকাশসীমা ব্যবহারকারী প্রতিটি বিমান সংস্থা, প্রতিটি বিমা প্রতিষ্ঠান এবং যারা এখনো রাশিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো ব্যবহার করেন, তাদের সবাইকে সতর্ক করতে চাই: রাশিয়ার আকাশসীমা পুরোপুরি অনিরাপদ হয়ে উঠছে। 

জেলেনস্কির দাবি, ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না। তবে রাশিয়ার আকাশে এমন মাত্রায় ড্রোন থাকবে, যা বিমান চলাচলের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।

ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আকাশসীমায় প্রবেশের কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে একাধিকবার বিমান চলাচল ব্যাহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এসব ড্রোন হামলার সংখ্যাও বেড়েছে।

জেলেনস্কি বলেন, ড্রোনে ভরা আকাশ বেসামরিক বিমান চলাচলের কোনো জায়গা নয়। যুদ্ধ যত দিন চলবে, রাশিয়ার আকাশ বর্তমানে ড্রোনেরই।


পুতিনের পাল্টা প্রতিক্রিয়া

জেলেনস্কির বক্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ঘোষণা’ বলে অভিহিত করেছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তারা আমাদের আলোচনা আবার শুরু করতে বলছে... কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করা যায় না। 

অন্যদিকে জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন রাশিয়ায় নিরপরাধ মানুষের প্রাণহানি চায় না। এ কারণেই রাশিয়ার আকাশসীমা নিয়ে বিমান সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে সতর্ক করা হচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনে আমরা নিরপরাধ মানুষের প্রাণহানি চাই না। এ কারণেই আমরা আমাদের অংশীদারদের সতর্ক করছি: রাশিয়ার আকাশে নিরাপদ দিন শেষ। 

তবে জেলেনস্কি জানিয়েছেন, তার আন্তর্জাতিক অংশীদাররা অনুরোধ করলে কূটনৈতিক উদ্যোগের স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট গন্তব্যে রাশিয়ার আকাশ থেকে ইউক্রেনীয় ড্রোন সরিয়ে নেওয়া হতে পারে।

তিনি বলেন, এটি করা হতে পারে ‘কূটনীতির স্বার্থে, আলোচনার স্বার্থে... নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট গন্তব্যে’।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা এখনো স্থবির

এদিকে ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন-রাশিয়া সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা কূটনৈতিক প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুই ব্যক্তি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সম্পর্কে পুতিন তুলনামূলকভাবে ইতিবাচক সুরে কথা বলেছেন।

ওয়াশিংটনের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে আলোচনার অংশ হিসেবে উইটকফ ও কুশনার কয়েক দফা বৈঠক করেছেন। সর্বশেষ গত জানুয়ারিতে তারা মস্কো সফর করেন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   রাশিয়া  জেলেনস্কি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: