কুয়েতে নতুন করে আবারও ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয়। কুয়েতের সেনাবাহিনী বাংলাদেশ সময় সকাল প্রায় সাড়ে ৭টার দিকে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল প্রতিহত করার চেষ্টা করছে।
ড্রোন-মিসাইল প্রতিহত করার কারণে বিস্ফোরণের শব্দ হতে পারে এমন কথা উল্লেখ করে কুয়েতি সেনাবাহিনী বলেছে, কেউ আতঙ্কিত হবেন না, নিরাপদ স্থানে চলে যান।
গত পরশু রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে তেহরান। তারা কুয়েত, জর্ডান এবং ইরাকে ড্রোন ও মিসাইল ছোড়ে।
তবে গতকাল রাতে মার্কিনিদের কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। কিন্তু ইরান আজ আবার কুয়েতে হামলা চালিয়েছে।
কুয়েতি সেনাবাহিনী বলেছে, ইরানের ন্যাক্কারজনক হামলার পর কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ মুহূর্তে শত্রুদের মিসাইল এবং ড্রোন হামলা প্রতিহত করছে। যে কোনো ধরনের বিস্ফোরণের শব্দ এসব হামলা প্রতিহতের কারণে হতে পারে। সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপদ ও নিরাপত্তামূলক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
সূত্র : আলজাজিরা
সময়ের আলো/ইউএমএইচ