নাটোরের সদর উপজেলায় আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নাটোর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মইনুল হক জানান, আনারুলকে যারা হাসপাতালে নিয়ে আসেন, তারা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানিয়েছিলেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।
তিনি বলেন, আনারুলের বুকে ও পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাথাতেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/এসএকে