গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাসকিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাসকিন উপজেলার আটাবহ ইউনিয়নের ময়রাবহ গ্রামের রতন হোসাইনের ছেলে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার জাংগালিয়াপাড়া ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তাসকিনসহ কয়েকজন বন্ধু জাংগালিয়াপাড়া ব্রিজের নিচে বংশাই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তাসকিন পানিতে ডুবে নিখোঁজ হয়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়রা তাসকিনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাসকিনের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/জোই