বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক অনুষ্ঠান সহযোগী মো. আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি ২০১১ সালে অনুষ্ঠিত সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের উপস্থিতিতে তিনি বিএনপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় তাকে জামায়াতের সাংগঠনিক ও ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ সৈয়দ মোকাম্মেল হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, সলিয়াবাকপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসাইন, সেক্রেটারি মাস্টার মজিবুর রহমান মিজান এবং সাবেক বায়তুলমাল সম্পাদক মো. সাদেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
যোগদানকালে বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার মিষ্টিমুখ করিয়ে মো. আলমগীর হোসেনকে দলে স্বাগত জানান। এ সময় মো. আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি দলটিতে যোগ দিয়েছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সলিয়াবাকপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেন।
সময়ের আলো/জোই