ভাবুন তো, লিওনেল মেসির পাস থেকে গোল করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলের পর দুজনকে দেখা যাচ্ছে একে অন্যকে জড়িয়ে ধরতে। এতদিন এমন দৃশ্য ছিল কেবল কল্পনার জগতে। তবে এবার সেই কল্পনাই বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী ডিসেম্বরে একটি প্রদর্শনী ম্যাচে একই দলের হয়ে মাঠে নামতে পারেন ফুটবলের দুই মহাতারকা মেসি ও রোনালদো।
কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে দুজনকেই আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ম্যাচটি আয়োজনের সময় নিয়ে বোকা জুনিয়র্সের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক এগোলে তেভেজের বিদায়ী ম্যাচই হতে পারে মেসি-রোনালদোকে একই জার্সিতে দেখার সেই বিশেষ উপলক্ষ।
দুজনকে এতদিন ফুটবলবিশ্ব দেখেছে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে। এবার যদি সত্যিই একই দলে খেলেন, তাহলে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় দৃশ্য।
অবশ্য এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আমন্ত্রণ, ম্যাচের আয়োজন ও দুই তারকার অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরই পরিষ্কার হবে সবকিছু। তবে মেসি ও রোনালদোকে একসঙ্গে মাঠে দেখার স্বপ্ন যে আবারও উসকে উঠেছে, সেটাই এখন সবচেয়ে বড় খবর।
সময়ের আলো/টিকে