অনলাইনে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্কের টানে এবার চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক যুবক। তার প্রেমিকা উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আশিতা (২৫)। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আশিতার বাড়িতে এসে হাজির হন ডং লিয়াং। বিদেশি যুবককে দেখতে সেখানে কৌতূহলী মানুষের ভিড় জমে।
আশিতা গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের প্রবাসী আজমত আলীর মেয়ে।
আশিতা ও ডং লিয়াংয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘ওয়ার্ল্ডটক’ নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। এরপর প্রায় তিন মাস ধরে ওই অ্যাপে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্ককে বিয়েতে রূপ দিতে চীনা যুবকটি বাংলাদেশে এসেছেন বলে জানান আশিতা। তবে তাকে বিয়ে করতে হলে ডং লিয়াংকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।
আশিতা সাংবাদিকদের বলেন, ডং লিয়াং ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি তাকে বিয়ে করবেন।
ডং লিয়াং নিজ ভাষায় কথা বলেন। পরে মোবাইলের অনুবাদকের মাধ্যমে তিনি জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে আশিতাকে বিয়ে করতে চান তিনি। বিয়ের পর আশিতাকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাওয়ার ইচ্ছার কথাও জানান ডং লিয়াং।
চীন থেকে প্রেমের টানে এক যুবকের সখীপুরে আসার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত এলাকায় আলোচনার জন্ম দেয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে কৌতূহল তৈরি হয়।
গজারিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আশিতার পরিবারের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।
সময়ের আলো/জেডি