অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতে নওগাঁ শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয় চত্বরে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় এবং ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শহরকে নিরাপদ রাখতে প্রাথমিক পর্যায়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পৌর এলাকায় এআই ক্যামেরা বসানোর মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে এবং আগামীতে পুরো জেলাকে এই নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে। তিনি সাধারণ মানুষকে কোন কোন এলাকায় ক্যামেরা রয়েছে সে বিষয়ে অবহিত করার ওপর জোর দেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ বলেন, ৫ আগস্টের পর পুলিশের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হলেও বর্তমানে মানুষের আস্থা অর্জিত হয়েছে। আচরণগত ও লজিস্টিক সংকট সত্ত্বেও সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি উল্লেখ করে তিনি বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না এবং মূল হোতাদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া ইভটিজিংয়ের কারণে শিক্ষার্থীরা আত্মহননের মতো পথ বেছে নিচ্ছে উল্লেখ করে তিনি স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রতিষ্ঠানের আশপাশে পুলিশি টহল বাড়ানোর কঠোর নির্দেশ দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, অপরাধীদের কৌশলের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তাদের কৌশল বদলাতে হচ্ছে। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ আরও নিরাপদে চলাচল করতে পারবে এবং অপরাধীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্য হারে কমে আসবে।
সময়ের আলো/জোই