প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম
ভারতের মহারাষ্ট্রে আগামী মাসে হবে নবরাত্রি উৎসব। সংগৃহীত ছবিভারতের মহারাষ্ট্রে আগামী মাসে হবে নবরাত্রি উৎসব। আর এই উৎসবের গার্বা ও দান্দিয়া ইভেন্ট থেকে মুসলিম ধর্মাবলম্বীদের দূরে থাকতে বলেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটি মুসলিমরা যেন ঢুকে পড়তে না পারে এজন্য সবার পরিচয় নিশ্চিত হতেও আয়োজকদের আহ্বান জানিয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। নবরাত্রির উৎসব শুরু হবে এ বছরের ১১ অক্টোবর।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ আয়োজকদের আহ্বান জানিয়েছে, উৎসবে যোগ দেওয়া ব্যক্তিদের আধার কার্ড যেন পরীক্ষা করা হয়। এরসঙ্গে তাদের কপালে যেন তিলকও দেওয়া হয়।
বিশ্ব হিন্দু পরিষদের জয়েন্ট সেক্রেটারি শ্রীরাজ নাইর বলেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন গার্বা ও দান্দিয়া ইভেন্টে মুসলিমদের আসতে দেবেন না। তিনি বলেছেন, এই উৎসবের সঙ্গে মুসলিমদের কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ উৎসবটির মূল হলো হিন্দু দেবীদের পূজা করা।
তিনি বলেন, নবরাত্রি উৎসবের সময় গার্বা-দান্দিয়া নাচে আমরা মুসলিমদের অংশ না নিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নবরাত্রি শুধুমাত্র নাচ আর গান নয়। এটি দেবীদের পূজা করার উৎসব। কেন মুসলিমরা এখানে অংশ নেবে? যারা মূর্তি পূজার বিরোধী?
বিশ্ব হিন্দু পরিষদের এ নেতা বলেছেন, তাদের এ সিদ্ধান্ত মুসলিমদের বিরুদ্ধে নয়। এটি মূলত হিন্দু ধর্মের ঐতিহ্য রক্ষার সিদ্ধান্ত।
সময়ের আলো/ইউএমএইচ