দেশে বর্তমানে নাগরিকের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। একইসঙ্গে গত ১৫ বছরে নেওয়া ঋণের বোঝা ও প্রায় ১৩০০ উন্নয়ন প্রকল্পের আর্থিক দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানান, ঋণের চাপ কমাতে রাজস্ব বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ও অলাভজনক প্রকল্প মূল্যায়ন করে বাতিল বা স্থগিত করা হচ্ছে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত সরকারের সময়ে নেওয়া অপচয়মূলক ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করতে গিয়ে অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে। টেকসই বিনিয়োগের ক্ষেত্রে ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত বিষয় বিবেচনা করা প্রয়োজন হলেও আগের অধিকাংশ প্রকল্পে তা মানা হয়নি।
তিনি বলেন, আমাদের প্রায় ১৩০০টি প্রকল্পের চাপিয়ে দেওয়া দায় রয়েছে। আমরা প্রতিটি প্রজেক্টের আলাদা ইভ্যালুয়েশন করছি। ইতোমধ্যেই বহু অপ্রয়োজনীয় প্রজেক্ট বাদ দেওয়া হয়েছে।
এদিকে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দুই দফায় মোট ২ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ দেওয়া হয়েছে। ৪ শতাংশ ব্যাংক হারে দেওয়া এ ঋণের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ ৮ শতাংশ। ৩১ জুলাই পর্যন্ত দুই পর্যায়ে ৮৫ হাজারের বেশি মানুষ এ ঋণ নিয়েছেন।
সময়ের আলো/এমকে