ডিজিটাল লেনদেন, মোবাইল ব্যাংকিং কিংবা বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহারের সময় নিরাপত্তার জন্য ওটিপি ও পিন- দুধরনের কোডই ব্যবহার করা হয়। অনেকের কাছে দুটিকে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা মনে হলেও বাস্তবে ওটিপি ও পিনের উদ্দেশ্য, ব্যবহারের নিয়ম এবং কার্যকারিতার সময়ের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।
ডিজিটাল সেবা ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এই পার্থক্যগুলো জানা জরুরি।
ওটিপি কী?
ওটিপির পূর্ণরূপ ওয়ান টাইম পাসওয়ার্ড। এটি একটি সাময়িক নিরাপত্তা কোড, যা সাধারণত ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে ব্যবহার করা হয়। অনলাইন লগইন, আর্থিক লেনদেন কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করার সময় ওটিপি চাওয়া হতে পারে।
ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর বা ই-মেইলে এসএমএসের মাধ্যমে ওটিপি পাঠানো হতে পারে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমেও এটি পাওয়া যায়। ওটিপি সাধারণত অল্প সময়ের জন্য কার্যকর থাকে এবং একবার ব্যবহার হয়ে গেলে আর ব্যবহার করা যায় না। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করলেও এর কার্যকারিতা শেষ হয়ে যায়।
পিন কী?
পিনের পূর্ণরূপ পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর। এটি একটি গোপন নম্বর, যা সাধারণত ব্যবহারকারী নিজেই নির্ধারণ বা সেট করেন। ব্যাংকিং সেবা, এটিএম, মোবাইল আর্থিক সেবা, বিভিন্ন ডিভাইস ও ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচয় যাচাইয়ের জন্য পিন ব্যবহার করা হয়।
ওটিপির মতো পিন প্রতিবার নতুন করে তৈরি হয় না। ব্যবহারকারী নিজে পরিবর্তন না করলে একই পিন দীর্ঘ সময় ব্যবহার করা যেতে পারে। ফলে, পিন অন্যের হাতে চলে গেলে অ্যাকাউন্ট বা সংশ্লিষ্ট সেবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
নিরাপদ থাকতে যা মনে রাখবেন
-ওটিপি বা পিন কোনোটিই অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে কেউ ফোন করলেও তাকে এসব গোপন কোড দেওয়া যাবে না।
-অপরিচিত বা সন্দেহজনক লিংকে প্রবেশ করা এবং অন্যের নির্দেশনায় কোনো নিরাপত্তা কোড ব্যবহার করা থেকেও বিরত থাকা জরুরি।
-পিন হিসেবে সহজে অনুমান করা যায় এমন সংখ্যা ব্যবহার না করা এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত পিন পরিবর্তন করাও নিরাপত্তা বাড়াতে সহায়ক।
-ওটিপি পাওয়ার পর সেটি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওটিপি, পিন বা কোনো গোপন নিরাপত্তা কোড কারও কাছে প্রকাশ না করা।
সময়ের আলো/মহু