জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুকে ‘বিতর্কিত পোস্ট’ দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৩ জুলাই আবদুল ওয়াহেদ তার ফেসবুক আইডিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি পোস্ট দেন। ১১ জুলাই এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
পরদিন সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-আমীনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, ‘প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক আবদুল ওয়াহেদকে অভিযোগনামা দেওয়া হবে। এরপর তাকে নিজের বক্তব্য ও অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে হাতাহাতির ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তও অনুমোদন করেছে সিন্ডিকেট। দর্শন বিভাগের মো. ওয়াসিমকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের তাহসির হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েতের স্থায়ী বহিষ্কারাদেশ আদালতের আদেশ অনুযায়ী কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ক্লাস করতে পারবেন কি না, সেটিও আদালতের আদেশের ওপর নির্ভর করবে।
সময়ের আলো/এমকে