বিশ্বকাপে আলো ছড়িয়ে প্রশংসায় ভেসেছিলেন ভোজিনহা। রাতারাতি তারকা বনে যান কেপ ভার্দের এই গোলরক্ষক। এবার পেলেন স্বীকৃতি। ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় মনোনয়ন পেলেন ভোজিনহা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভিন্ন ক্যাটাগরিতে ব্যালন ডি’অর ২০২৬ এর চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’র সংক্ষিপ্ত তালিকায় আছেন ভোজিনহা।
৪০ বছর বয়সী ভোজিনহা পুরো বিশ্বকাপে ছিলেন আপন আলোয় উজ্জ্বল। গ্রুপপর্বে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ড্রয়ের ম্যাচে সাতটি সেভ করেন ভোজিনহা। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ম্যাচটিতে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে।
গ্রুপপর্ব পেরিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয় কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও ভোজিনহা নিজের নৈপূণ্য দেখান। সবমিলিয়ে বিশ্বকাপে অন্যতম আলোচিত গোলরক্ষক ছিলেন তিনি।
সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় ভোজিনহার থাকা যেমন চমক, তেমনি আছে আরেকটি চমক। তালিকায় জায়গা হয়নি গতবারের ইয়াশিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মার। ভোজিনহার সঙ্গে শ্রেষ্ঠত্বের দৌড়ে আছেন বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও ডেভিড রায়া। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আছেন তালিকায়।
পুরুষ বিভাগের মনোনীত ১০ গোলরক্ষক
উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও ও স্পেন), ইয়াসিন বুনু (আল হিলাল ও মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ ও বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড ও সুইজারল্যান্ড), হুয়ান গার্সিয়া (বার্সেলোনা ও স্পেন), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা, চেলসি ও আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি ও সেনেগাল), ডেভিড রায়া (আর্সেনাল ও স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি ও রাশিয়া) এবং ভোজিনহা (জিডি শাভেস, কোলো-কোলো ও কেপ ভার্দে)।
সময়ের আলো/জেকিউএফ